শিলাইদহ কুঠিবাড়িতে রবীন্দ্রনাথের ১৬৫তম জন্মোৎসব শুরু

মিরাজুল ইসলাম, ভ্রাম্মমান প্রতিনিধি কুষ্টিয়া ঃ
প্রকাশিত: শুক্রবার, ৮ মে, ২০২৬, ১১:০৬ অপরাহ্ণ
শিলাইদহ কুঠিবাড়িতে রবীন্দ্রনাথের ১৬৫তম জন্মোৎসব শুরু

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মজয়ন্তী উপলক্ষে তাঁর স্মৃতিবিজড়িত কুষ্টিয়ার কুমারখালীর শিলাইদহ কুঠিবাড়িতে শুরু হয়েছে তিন দিনব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠানমালা।

শুক্রবার বিকেলে কুঠিবাড়ির উন্মুক্ত মঞ্চে প্রদীপ প্রজ্বলন ও জাতীয় সংগীতের মধ্য দিয়ে এই উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী নিতাই রায় চৌধুরী। তিনি তাঁর বক্তব্যে বলেন, শিলাইদহ কুঠিবাড়ি বাংলাদেশের সংস্কৃতিতে এক অনন্য ও অবিচ্ছেদ্য স্থান। সরকার প্রত্নতত্ত্ব অধিদপ্তরের আওতাধীন ঐতিহাসিক স্থানগুলোকে আধুনিক পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলার পরিকল্পনা নিয়েছে।কুঠিবাড়িকেও একটি পূর্ণাঙ্গ পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তুলতে সংস্কৃতি ও পর্যটন মন্ত্রণালয় যৌথভাবে কাজ করছে।

স্মারক বক্তা হিসেবে প্রখ্যাত শিক্ষাবিদ অধ্যাপক ওয়াকিল আহমেদ বলেন, রবীন্দ্রনাথের সৃষ্টির মূলে রয়েছে মানুষ ও প্রকৃতি। তাঁর এই ভাবনা কেবল কোনো নির্দিষ্ট ভূখণ্ডে সীমাবদ্ধ নয়, বরং তা বিশ্বজনীন। প্রকৃতির সাথে মানুষের নিবিড় সম্পর্কের যে দর্শন তিনি শিলাইদহে বসে লালন করেছেন, তাই তাঁকে বিশ্বকবির আসনে আসীন করেছে।

সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সচিব কানিজ মওলার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া ১ আসনের সংসদ সদস্য রেজা আহমেদ কুষ্টিয়া ১ আসনের আফজাল হোসেন, সংরক্ষিত নারী আসন ফরিদা ইয়াসমিন, বিএনপির সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক হেলাল খান ও জাসাস কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কুষ্টিয়ার জেলা প্রশাসক তৌহিদ-বিন-হাসান। আলোচনা সভা শেষে বাংলাদেশ শিল্পকলা একাডেমির শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে কবির লেখা গান, কবিতা আবৃত্তি ও নৃত্য পরিবেশন করা হয়।

উৎসব ঘিরে কুঠিবাড়ি প্রাঙ্গণে রবীন্দ্রপ্রেমীদের উপচে পড়া ভিড় লক্ষ করা গেছে। তবে প্রশাসনের অনুমতি না থাকায় এবার প্রথাগত গ্রামীণ মেলা বসেনি। অপ্রীতিকর ঘটনা এড়াতে পুরো এলাকায় জেলা প্রশাসনের পক্ষ থেকে কয়েক স্তরের কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

Ads