ধারাবাহিকের সুসময়ে ২০০ পর্বে পা রাখছে ‘খুশবু’

বিনোদন ডেস্ক ঃ
প্রকাশিত: সোমবার, ১১ মে, ২০২৬, ১২:৪১ অপরাহ্ণ
ধারাবাহিকের সুসময়ে ২০০ পর্বে পা রাখছে ‘খুশবু’

সাম্প্রতিককালে একের পর এক ধারাবাহিক নাটক দর্শকের ভালবাসায় প্রশংসিত হচ্ছে, ভিউজের রেকর্ড ছাড়িয়ে যাচ্ছে। নাটকের শিল্পীদের অভিনয়ে মিশে গিয়ে দর্শকেরা হাসছেন, কাঁদছেন, অভিমান করেও আবার পরের পর্ব দেখার জন্য অপেক্ষা করছেন। এমনই এক সুসময়ে দীপ্ত টিভির প্রতিদিনের মেগাসিরিজ ‘খুশবু’ পা রাখতে যাচ্ছে ২০০তম পর্বে।

বাবার ঋণ শোধের উপায় খুঁজতে শহরে এসে গ্রামের সহজ সাধারণ মেয়ে খুশবু ফেঁসে যায় এক সেলিব্রেটি নায়িকা খুনের মামলায়। সত্যিকারের অপরাধীকে শাস্তি দিতে তারই আশপাশে থেকে প্রমাণ যোগাড়ের চেষ্টায় থাকে সে। নানা বাধাবিপত্তিতে তার পাশে এসে দাঁড়ায় গার্মেন্টসের ডিরেক্টর রিশাদ। বন্ধুত্ব থেকে পরিণয়ের দিকে যায় রিশাদ আর খুশবুর সম্পর্ক। খুশবুও হারিয়ে খুঁজে পায় পরিবার। কিন্তু খুনিকে তার প্রাপ্য সাজা দিতে খুশবুকে পার হতে হবে আরো বন্ধুর পথ।

এমন গল্পের গভীরতা আর দর্শকের ভালবাসা নিয়ে ‘খুশবু’ পৌছিয়েছে দুইশো পর্বের দ্বারপ্রান্তে। আগামী ১২ মে প্রচারিত হবে কাঙ্খিত পর্বটি। ‘খুশবু’ নামভূমিকায় দীপ্ত স্টারহান্ট বিজয়ী মিষ্টি ঘোষ ও সাকিব হোসাইন, টপ পারফর্মার সায়র নিয়োগী, মারিয়া মউ ও শেখ ফারিয়া হোসেন ইতিমধ্যে দর্শকদের ভালবাসা কুঁড়িয়েছেন। চিত্রলেখা গুহ, গাজী রাকায়েত, ইন্তেখাব দিনার, নাজিয়া হক অর্ষা, গোলাম ফরিদা ছন্দা, জয়রাজসহ আরো অভিজ্ঞ অভিনয়শিল্পীরা রয়েছে এই নাটকে।

কাজী মিডিয়ার প্রযোজনায় নির্মিত ‘খুশবু’র গল্প ও চিত্রনাট্য লিখেছেন আহমেদ খান হীরক ও আসফিদুল হক, সংলাপ লিখেছেন মোঃ মারুফ হাসান। প্রতিদিন সন্ধ্যা ৭ টা ৩০মিনিটে এবং রাত ১০টা ৩০ মিনিটে দীপ্ত টিভি ও দীপ্ত টিভি’র ডিজিটাল প্ল্যাটফর্মে দেখা যাচ্ছে ‘খুশবু’।

 

Ads