ভূমিসেবা মেলায় ভূমি কর্মকর্তাদের হয়রানির অভিযোগ তুললেন এমপি

সাগর আহম্মেদ, কালিয়াকৈর প্রতিনিধি(গাজীপুর)ঃ
প্রকাশিত: মঙ্গলবার, ১৯ মে, ২০২৬, ৩:৪৯ অপরাহ্ণ
ভূমিসেবা মেলায় ভূমি কর্মকর্তাদের হয়রানির অভিযোগ তুললেন এমপি

গাজীপুর-১ আসনের এমপি মজিবুর রহমান বিভিন্ন ভূমি অফিসের কিছু অসাধু কর্মকর্তাদের বিরুদ্ধে অভিযোগ তুলে বলেছেন, ভূমি অফিস থেকে খারিজ দেয় কিন্তু সেখান থেকে কর্তন না করেই অনেক সময় আরেকটি খারিজ দেয়। এক জমি দুজনের নামে খারিজ হয় কিভাবে? আমি এমপি হওয়ার পরও এমন একটা খারিজ পেয়েছি। এক জমি দুই বার দুজনের নামে খারিজ। এমন কি আমার জমিও দুই বার খারিজ দিয়ে দিয়েছে। সেই খারিজ নিয়ে আমার কাছেই বিক্রি করতে গেছেন। আমি হেঁসে দিয়ে বললাম জমির কাগজগুলো দিয়ে যান।

তারপর সেই ভুমি অফিসারদের বলালম, আমার জমি আমার নামে খারিজ, তারপরও আরেকজন সেই জমির খারিজ নিয়ে আসছে। এটা যদি আপনারা করেন তখন সেই কর্মকর্তা বললেন যে, ভুলে হয়েছে। ভূমি সেবা নিতে এসে যেন জনগণ কোনো ভাবেই হয়রানির শিকার না হন।

তিনি মঙ্গলবার সকালে গাজীপুরের কালিয়াকৈরে ভূমিসেবা মেলা উদ্যাপন উপলক্ষ্যে উদ্বোধনী অনুষ্ঠান ও জনসচেতনতামূলক সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। উপজেলার ভূমি অফিসের আয়োজনে উপজেলার লতিফপুর এলাকায় এ মেলা অনুষ্ঠিত হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফাহিম শাহরিয়ার সঞ্চালনায় সভায় আরো বক্তব্য রাখেন- উপজেলা সাব-রেজিষ্ট্রার কর্মকর্তা কামরুজ্জামানসহ আরো অনেকেই। এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, ভূমি মালিক, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। পরে এ ভূমিসেবা মেলা উপলক্ষে একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক পদক্ষিণ করে ভূমি অফিসে গিয়ে শেষ হয়।

 

Ads