সৈয়দপুরে জুলাই শহীদ দিবসে আলোচনা ও কবর জেয়ারত

মোঃ জহুরুল ইসলাম খোকন, সৈয়দপুর প্রতিনিধি(নীলফামারী)ঃ
প্রকাশিত: বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬, ৩:৩৩ অপরাহ্ণ
সৈয়দপুরে জুলাই শহীদ দিবসে আলোচনা ও কবর জেয়ারত

জুলাই শহীদ দিবস উপলক্ষে নীলফামারীর সৈয়দপুরে আলোচনা সভা ও শহীদের কবর জেয়ারত করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে ওই সভা অনুষ্ঠিত হয়। এর আগে সকালে স্থানীয় হাতিখানা কবরস্থানে শহীদ সাজ্জাদ হোসেনের কবর জেয়ারত করা হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারাহ ফাতেহা তাকমিলা। বক্তব্য রাখেন জুলাই অভ্যুথানে শহীদ সাজ্জাদ হোসেনের বাবা মো. আলমগীর হোসেন, বিএনপি সৈয়দপুর রাজনৈতিক জেলা শাখার সভাপতি অধ্যক্ষ আব্দুল গফুর সরকার, সাধারণ সম্পাদক শাহী আকতার শাহীন, জামায়াত নেতা ওয়াজেদ আলী, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাব্বির হোসেন, উপজেলা প্রকৌশলী এ এ এম আলী রেজা রাজু প্রমুখ।

বক্তারা বলেন, জুলাইয়ের আত্মত্যাগ ভুলে গেলে চলবে না। জুলাই শহীদদের স্মৃতি জাতীয় জীবনে অম্লান হয়ে থাকবে।

সকালে হাতীখানা কবরস্থানে শহীদ সাজ্জাদ হোসেনের কবর জেয়ারত করা হয় এবং রুহের মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়।
উল্লেখ্য, গত ২০২৪ সালের ৫ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে অগ্রভাগে ছিলেন সাজ্জাদ। এরপর বেলা ১১টার দিকে ঢাকার সাভার বাসস্ট্যান্ড এলাকায় পুলিশের গুলিতে আহত হন তিনি। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় গত ৬ আগস্ট বেলা ১২টায় তার মৃত্যু হয়। শহীদ সাজ্জাদ নীলফামারীর সৈয়দপুর পৌরসভার পশ্চিম পাটোয়ারীপাড়া মহল্লাার আলমগীর হোসেন ও সাহিদা বেগম দম্পতির ছেলে। বর্তমানে এয়ারপোর্টের পাশে পরিবারটি ভাড়া বাসায় অবস্থান করছেন।

Ads