চাকরি স্থায়ীকরণ ও ন্যায্য মজুরির দাবিতে কুষ্টিয়ায় বিএটির কর্মচারীদের সড়ক অবরোধ ও অবস্থান কর্মসূচি

মিরাজুল ইসলাম, ভ্রাম্যমান প্রতিনিধি কুষ্টিয়া ঃ
প্রকাশিত: মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬, ১১:১৭ অপরাহ্ণ
চাকরি স্থায়ীকরণ ও ন্যায্য মজুরির দাবিতে কুষ্টিয়ায় বিএটির কর্মচারীদের সড়ক অবরোধ ও অবস্থান কর্মসূচি

চাকরি স্থায়ীকরণ, আউটসোর্সিং ব্যবস্থা বিলোপ ও ন্যায্য মজুরি নিশ্চিত করার একদফা দাবিতে কুষ্টিয়ায় পৃথক স্থানে সড়ক অবরোধ, বিক্ষোভ এবং অবস্থান কর্মসূচি পালন করেছেন ব্রিটিশ আমেরিকান টোব্যাকো (বিএটি) ফিল্ড টেকনিশিয়ান ও অফিস কর্মচারীরা।

সোমবার (২১ জুলাই) দুপুরে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার আল্লারদর্গায় বিএটি অফিসের সামনে এবং কুষ্টিয়া সদর উপজেলার বারখাদা গোবিন্দপুরে প্রক্রিয়াজাতকরণ কারখানার সামনের সড়কে এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়।

দৌলতপুরের আল্লারদর্গায় আয়োজিত অবস্থান কর্মসূচিতে আল্লারদর্গা, রংপুর, মানিকগঞ্জ, চেচুয়া, ঝিনাইদহ ও মেহেরপুর লিফ রিজিওনের প্রায় ৩০০ ফিল্ড টেকনিশিয়ান ও অফিস কর্মচারী অংশ নেন।

কর্মসূচিতে উপস্থিত বিএটি স্থায়ীকরণ সংগ্রাম পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি আরিফুর ইসলাম ও সাধারণ সম্পাদক সামিউল ইসলাম বলেন, “এম এস এম লজিস্টিক প্রা: লিমিটেড নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের মাধ্যমে আমাদের বিএটিবিতে নিয়োগ দেওয়া হয়েছিল। দ্রুত সময়ের মধ্যে চাকরি স্থায়ীকরণের আশ্বাস দেওয়া হলেও দীর্ঘদিন পার হয়ে গেছে, বিভিন্ন তালবাহানা দেখিয়ে তা করা হচ্ছে না। উল্টো ন্যায্য দাবি-দাওয়ার কথা বলতে গেলে চাকরিচ্যুতির হুমকি দেওয়া হয়। একটি স্বনামধন্য কোম্পানিতে দেশীয় কিছু অসাধু কর্মকর্তার কারণেই আজ আমাদের এই দূরবস্থা।

অবস্থান কর্মসূচিতে সংগ্রাম পরিষদের সাংগঠনিক সম্পাদক সোহেল রানা, সহ-সভাপতি মিরাজ মেহেদী ও যুগ্ম সাধারণ সম্পাদক লতিফুর রহমানসহ অন্য নেতারা উপস্থিত ছিলেন। বক্তারা হুঁশিয়ারি দেন, শান্তিপূর্ণ এই কর্মসূচির মাধ্যমে দাবি না মানা হলে পরবর্তীতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

অন্যদিকে, কুষ্টিয়া সদরের বারখাদা গোবিন্দপুর এলাকায় বিএটিবি প্রক্রিয়াজাতকরণ কারখানার সামনে কুষ্টিয়া-মেহেরপুর আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ প্রকাশ করেন কর্মরত আউটসোর্সিং ফিল্ড টেকনিশিয়ানরা।

আন্দোলনকারীরা জানান, ‘ডাবলু’ নামের এক ঠিকাদারের মাধ্যমে আউটসোর্সিং পদ্ধতিতে নিয়োগপ্রাপ্ত প্রায় ৩০০ জন কর্মচারী দীর্ঘদিন ধরে চাকরি স্থায়ীকরণ ও ন্যায্য মজুরির দাবি জানিয়ে আসছেন। কিন্তু কর্তৃপক্ষের পক্ষ থেকে কোনো সুরাহা না মেলায় তারা বাধ্য হয়ে রাজপথে নেমেছেন। অবরোধের কারণে কিছু সময়ের জন্য ওই সড়কে যান চলাচল ব্যাহত হয়।

এদিকে আন্দোলনকারীরা জানিয়েছেন, আউটসোর্সিং প্রথা বিলোপ করে মূল প্রতিষ্ঠানে স্থায়ীকরণ ও ন্যায্য অধিকার বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে।

Ads