মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের নির্বাচন ৬ সেপ্টেম্বর, তফশিল ঘোষণা

গাজী যুবায়ের আলম, ব্যুরো প্রধান খুলনা ঃ
প্রকাশিত: শনিবার, ২৫ জুলাই, ২০২৬, ১১:১২ অপরাহ্ণ
মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের নির্বাচন ৬ সেপ্টেম্বর, তফশিল ঘোষণা

মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন (এমএসইউ) খুলনার দ্বি-বার্ষিক সাধারণ নির্বাচনের তফশিল ঘোষণা করা হয়েছে। ঘোষিত তফশিল অনুযায়ী আগামী ৬ সেপ্টেম্বর সংগঠনের দ্বি-বার্ষিক সাধারণ নির্বাচন এবং ৫ সেপ্টেম্বর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবে।

একই সঙ্গে নির্বাচন পরিচালনার জন্য তিন সদস্যের একটি নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়েছে।

আজ শনিবার ২৫ জুলাই দুপুরে খুলনা প্রেসক্লাবের হুমায়ুন কবীর বালু মিলনায়তনে অনুষ্ঠিত সংগঠনের সাধারণ সভায় সদস্যদের মতামতের ভিত্তিতে সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত গৃহীত হয়।

সভায় সভাপতিত্ব করেন সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি আতিয়ার পারভেজ। সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক হাসান আহমেদ মোল্লা।

সভায় গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী, আসন্ন নির্বাচনের সার্বিক কার্যক্রম পরিচালনার দায়িত্বে তিন সদস্যের নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়। কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন দৈনিক জন্মভূমি-এর নির্বাহী সম্পাদক সরদার আবু তাহের।

সদস্য হিসেবে রয়েছেন দৈনিক খুলনা প্রতিদিন-এর সম্পাদক সোহাগ দেওয়ান এবং খুলনা গেজেট পত্রিকার সহ-সম্পাদক মো. আনিস উদ্দিন।

এছাড়া সাধারণ সভায় সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও কার্যকর ও গতিশীল করার লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে সদস্যদের মতামত গ্রহণ করা হয়।

উপস্থিত সদস্যরা সংগঠনের উন্নয়ন, সদস্যদের পেশাগত স্বার্থ সংরক্ষণ এবং ভবিষ্যৎ কার্যক্রমকে আরও শক্তিশালী করার বিষয়ে বিভিন্ন প্রস্তাব ও পরামর্শ উপস্থাপন করেন।

Ads