ইউএনওকে এমপির সংবর্ধনা ঘিরে বিতর্ক, প্রশাসনিক নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন

মিরাজুল ইসলাম, ভ্রাম্যমান প্রতিনিধি কুষ্টিয়া ঃ
প্রকাশিত: বুধবার, ২৯ জুলাই, ২০২৬, ১১:৩০ পূর্বাহ্ণ
ইউএনওকে এমপির সংবর্ধনা ঘিরে বিতর্ক, প্রশাসনিক নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন

কুষ্টিয়ার মিরপুর উপজেলার নবনিযুক্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফরোজ শাহীন খসরুকে তাঁর কার্যালয়ে গিয়ে সংবর্ধনা দিয়েছেন কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসনের জামায়াত সমর্থিত সংসদ সদস্য আব্দুল গফুর। এ ঘটনাকে কেন্দ্র করে প্রশাসনিক নিরপেক্ষতা, রাষ্ট্রীয় পদমর্যাদা ক্রম (ওয়ারেন্ট অব প্রিসিডেন্স) এবং রাজনৈতিক শিষ্টাচার নিয়ে এলাকায় আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।

গতকাল মঙ্গলবার (২৮ জুলাই) সকালে সংসদ সদস্য আব্দুল গফুর দলীয় নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে উপজেলা পরিষদ কার্যালয়ে যান। সেখানে তিনি নবনিযুক্ত ইউএনওকে ফুলেল শুভেচ্ছা জানান এবং উপহার তুলে দেন।

ঘটনার ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর নেটিজেনদের মধ্যে পক্ষে-বিপক্ষে নানা মতামত দেখা যায়। বিষয়টি নিয়ে স্থানীয় সচেতন নাগরিক মহলেও আলোচনা শুরু হয়।

স্থানীয় সচেতন নাগরিক কমিটির (সনাক) সদস্য মিজানুর রহমান বলেন, “একজন সংসদ সদস্য দলবল নিয়ে ইউএনওর দপ্তরে গিয়ে সংবর্ধনা দেওয়ায় সরকারি কর্মকর্তার ওপর রাজনৈতিক প্রভাব বা অপ্রকাশিত চাপের বার্তা যেতে পারে। এতে প্রশাসনিক নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন ওঠা স্বাভাবিক।

তবে অনেকে ঘটনাটিকে ইতিবাচক রাজনৈতিক সৌজন্য হিসেবে দেখছেন। তাঁদের মতে, জনপ্রতিনিধি ও প্রশাসনের মধ্যে সুসম্পর্ক থাকলে উন্নয়নমূলক কর্মকাণ্ড বাস্তবায়নে সমন্বয় ও গতি বৃদ্ধি পাবে।

এ বিষয়ে নবনিযুক্ত ইউএনও আফরোজ শাহীন খসরু বলেন, “আমি সম্প্রতি এখানে যোগদান করেছি। যেহেতু এলাকার উন্নয়নে আমাদের একসঙ্গে কাজ করতে হবে, সে কারণেই এমপি স্যার সৌজন্য সাক্ষাৎ করে শুভেচ্ছা ও উপহার দিয়েছেন। এতে ভবিষ্যতে সমন্বয় করে কাজ করা আরও সহজ হবে।

ঘটনার বিষয়ে বক্তব্য জানতে সংসদ সদস্য আব্দুল গফুরের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর বক্তব্য পাওয়া যায়নি। তবে নিজের ফেসবুক পেজে সংবর্ধনার ছবি প্রকাশ করে তিনি মিরপুর উপজেলাবাসীর পক্ষ থেকে নবনিযুক্ত ইউএনওকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

Ads