প্রায় ৬ ঘণ্টা বন্ধ থাকার পর উত্তরবঙ্গের সঙ্গে ঢাকার রেল যোগাযোগ চালু হয়েছে

আমিনুল ইসলাম, বিশেষ প্রতিনিধি সিরাজগঞ্জ ঃ
প্রকাশিত: মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬, ৮:৩২ অপরাহ্ণ
প্রায় ৬ ঘণ্টা বন্ধ থাকার পর উত্তরবঙ্গের সঙ্গে ঢাকার রেল যোগাযোগ চালু হয়েছে

আজ মঙ্গলবার সকালে সিরাজগঞ্জের যমুনা সেতু সংলগ্ন এলাকায় ঢাকাগামী সিল্কসিটি এক্সপ্রেস লাইনচ্যুত হওয়ায় এ রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

উদ্ধারকাজ শেষে বিকেল ৫টার দিকে উল্লাপাড়া স্টেশন থেকে ঢাকাগামী চিলাহাটী এক্সপ্রেস ছেড়ে যাওয়ার মাধ্যমে ট্রেন চলাচল পুনরায় শুরু হয়। পাকশী বিভাগীয় পরিবহন কর্মকর্তা মো. মোশাররফ হোসেন ভূঁইয়া এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘লাইন পরিষ্কার হওয়ার পর বিকেল ৫টায় চিলাহাটী এক্সপ্রেস ঢাকার উদ্দেশে রওনা হয়। সিরাজগঞ্জে অপেক্ষমাণ সিল্ক সিটি এক্সপ্রেসের কিছু আটকে পড়া যাত্রীদেরও এই ট্রেনে নেওয়া হয়েছে।

রেলওয়ে সূত্র জানায়, রাজশাহী থেকে ছেড়ে আসা সিল্কসিটি এক্সপ্রেস ট্রেনটি ঢাকার উদ্দেশে যাচ্ছিল। শহীদ এম মনসুর আলী স্টেশনে পৌঁছালে হঠাৎ ট্রেনটির একটি বগি লাইনচ্যুত হয়। পরে জরুরি শিকল টেনে ট্রেনটির গতি থামানো হয়। এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

সিরাজগঞ্জ বাজার রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাইরুল ইসলাম তালুকদার বিষয়টি নিশ্চিত করে জানান, সিল্কসিটি এক্সপ্রেসের একটি বগি লাইনচ্যুত হওয়ায় যমুনা সেতু হয়ে ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের রেল যোগাযোগ সাময়িকভাবে বন্ধ রয়েছে। উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে লাইন সচলের কাজ শুরু করেছে। যমুনা সেতু পশ্চিম সয়দাবাদ রেলস্টেশনের স্টেশন মাস্টার মনিরুজ্জামান জানান, ট্রেনটি রাজশাহী থেকে ঢাকায় যাচ্ছিল। শহীদ এম মনসুর আলী স্টেশনে প্রবেশের সময় একটি বগি লাইনচ্যুত হলে তাৎক্ষণিকভাবে ট্রেনটির গতিনিয়ন্ত্রণে আনা হয়। বড় ধরনের কোনো দুর্ঘটনা ঘটেনি।

এদিকে লাইনচ্যুত বগি উদ্ধারে ঈশ্বরদী জংশন থেকে একটি উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলের উদ্দেশে রওনা দিয়েছে। উদ্ধারকাজ শেষ হলে রেল চলাচল স্বাভাবিক হবে বলে জানিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ।

লাইনচ্যুতির কারণে ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের রেল চলাচল বন্ধ থাকায় যমুনা সেতুর উভয় প্রান্তের বিভিন্ন স্টেশনে একাধিক যাত্রীবাহী ট্রেন আটকা পড়েছে।

Ads