তরুণদের প্রযুক্তি উদ্ভাবন ও সমস্যা সমাধানেই দেশকে প্রযুক্তিনির্ভর অর্থনীতিতে রূপান্তর সম্ভব – ডাক টেলিযোগাযোগ মন্ত্রী

সাগর আহম্মেদ, কালিয়াকৈর প্রতিনিধি(গাজীপুর)ঃ
প্রকাশিত: শনিবার, ৮ আগস্ট, ২০২৬, ৬:০১ অপরাহ্ণ
তরুণদের প্রযুক্তি উদ্ভাবন ও সমস্যা সমাধানেই দেশকে প্রযুক্তিনির্ভর অর্থনীতিতে রূপান্তর সম্ভব – ডাক টেলিযোগাযোগ মন্ত্রী

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী ফকির মাহবুব আনাম, এমপি বলেছেন, আজকের এই আয়োজন প্রমাণ করে বাংলাদেশের তরুণরা প্রযুক্তির ক্ষেত্রে অনেক দূর এগিয়ে যাওয়ার সক্ষমতা রাখে। বর্তমান সময়ে রোবোটিক্স, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং উদীয়মান প্রযুক্তিতে দক্ষ মানবসম্পদ গড়ে তোলা বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের তরুণদের শুধু প্রযুক্তি ব্যবহারকারী হিসেবে নয়, বরং প্রযুক্তি উদ্ভাবন ও সমস্যা সমাধানের নেতৃত্ব দেওয়ার সক্ষমতা অর্জন করতে হবে। তাদের উদ্ভাবনী চিন্তা, মেধা ও পরিশ্রমকে যথাযথভাবে কাজে লাগাতে পারলে বাংলাদেশকে একটি জ্ঞানভিত্তিক ও প্রযুক্তিনির্ভর অর্থনীতিতে রূপান্তর করা সম্ভব।

তিনি শনিবার দিনব্যাপী গাজীপুরের কালিয়াকৈরে জাতীয় রোবোটিক্স উৎসব ‘রোবোফিউশন ১.০’ প্রযুক্তিপ্রেমী তরুণদের মেধা বিকাশ, উদ্ভাবনী প্রতিভার বিকাশ এবং রোবোটিক্স ও কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক প্রযুক্তিতে তরুণদের আগ্রহ বাড়াতে জাতীয় রোবোটিক্স উৎসব ‘রোবোফিউশন ১.০’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তেব্যে এসব কথা বলেন।

তিনি আরও বলেন, রোবোটিক্সের মতো প্রযুক্তি শুধু প্রতিযোগিতার বিষয় নয়; এর সঙ্গে ভবিষ্যতের শিল্প, স্বাস্থ্য, কৃষি, শিক্ষা, পরিবহনসহ বিভিন্ন খাতের উন্নয়ন জড়িত। তাই শিক্ষার্থীদের এখন থেকেই গবেষণা, উদ্ভাবন ও বাস্তব সমস্যার সমাধানে নিজেদের প্রস্তুত করতে হবে।

ইউনিভার্সিটি অব ফ্রন্টিয়ার টেকনোলজি, বাংলাদেশ (ইউএফটিবি)-এর রোবোটিক্স ক্লাবের আয়োজনে শনিবার দিনব্যাপী কালিয়াকৈর হাই-টেক পার্কে এ উৎসব অনুষ্ঠিত হয়। ইউনিভার্সিটি অব ফ্রন্টিয়ার টেকনোলজি, বাংলাদেশের উপাচার্য অধ্যাপক ড. মো. মোক্তার আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের মন্ত্রী ফকির মাহবুব আনাম, এমপি।

এসময় আরো উপস্থিত ছিলেন- গাজীপুর-১ আসনের সংসদ সদস্য মোঃ মজিবুর রহমান, এমপি, সংরক্ষিত নারী আসন-১৬-এর সংসদ সদস্য সানজিদা ইসলাম তুলি, এমপি এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব মোঃ মামুনুর রশীদ ভূঁইয়া, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আইআইটি-এর অধ্যাপক ও ইউএফটিবির প্রাক্তন উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আবু ইউসুফ, গাজীপুরের জেলা প্রশাসক মোঃ নূরুল করিম ভূঁইয়া, ইএটিএল ইনোভেশন হাব লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এম এ মুবিন খান এবং ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি-এর অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এইচকিউ) মোহাম্মদ ইউসুফ আলীসহ আরো অনেকে।

সকাল ১১ টায় উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে উৎসবের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। উৎসবে সারাদেশ থেকে সাড়ে ৫ শতাধিক শিক্ষার্থী ও তরুণ উদ্ভাবক অংশগ্রহণ করেন। দিনব্যাপী আয়োজিত প্রতিযোগিতায় মোট ১৬৬টি নিবন্ধিত দল বিভিন্ন ক্যাটাগরিতে প্রতিদ্বন্দ্বিতা করে। প্রতিযোগিতার ক্যাটাগরিগুলোর মধ্যে রয়েছে—লাইন ফলোয়িং রোবট (খঋজ), রোবো সকার, টেকাথন, প্রজেক্ট শোকেস এবং বোট রেসিং। লাইন ফলোয়িং রোবট প্রতিযোগিতায় ৩৩টি দল, রোবো সকারে ২০টি দল, টেকাথনে ৩৫টি দল, প্রজেক্ট শোকেসে ৬৫টি দল এবং বোট রেসিংয়ে ১৩টি দল অংশ নেয়।

এছাড়াও তরুণদের প্রযুক্তিগত দিকনির্দেশনা দিতে একটি টেকনিক্যাল প্যানেল ডিসকাশন অনুষ্ঠিত হয়। এতে রোবোটিক্স, কৃত্রিম বুদ্ধিমত্তা, উদ্ভাবন এবং ভবিষ্যৎ প্রযুক্তির বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।
অনুষ্ঠানের সভাপতি ও ইউএফটিবির উপাচার্য অধ্যাপক ড. মো. মোক্তার আলী বলেন, ইউনিভার্সিটি অব ফ্রন্টিয়ার টেকনোলজি একটি প্রযুক্তিনির্ভর বিশ্ববিদ্যালয় হিসেবে দেশের তরুণ প্রজন্মকে ভবিষ্যতের প্রযুক্তিগত চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত করতে কাজ করছে।

রোবোফিউশন ১.০ সেই লক্ষ্য বাস্তবায়নের একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ। শুধু শ্রেণিকক্ষের জ্ঞান অর্জন করলেই হবে না; শিক্ষার্থীদের বাস্তব সমস্যা চিহ্নিত করে প্রযুক্তির মাধ্যমে তার সমাধান করার দক্ষতা অর্জন করতে হবে। রোবোটিক্স, কৃত্রিম বুদ্ধিমত্তা ও অন্যান্য উদীয়মান প্রযুক্তিতে দক্ষতা অর্জনের মাধ্যমে আমাদের তরুণরা দেশকে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

Ads