পুলিশের তৎপরতায় সন্দেহভাজন দুইজন গ্রেফতার, উদ্ধার করেছে পাঁচ মোটরসাইকেল

গাজী যুবায়ের আলম, ব্যুরো প্রধান খুলনা ঃ
প্রকাশিত: মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬, ১১:৪৬ অপরাহ্ণ
পুলিশের তৎপরতায় সন্দেহভাজন দুইজন গ্রেফতার, উদ্ধার করেছে পাঁচ মোটরসাইকেল

খুলনায় পুলিশের তৎপরতায় সন্দেহজনক ভাবে অবস্থান করা দুই যুবককে গ্রেফতার করা হয়েছে। এ সময় ঘটনাস্থল থেকে ফেলে যাওয়া পাঁচটি মোটরসাইকেল উদ্ধার করে হেফাজতে নিয়েছে পুলিশ।

সোমবার ১০ আগস্ট সন্ধ্যা ০৬টা ১০ মিনিটের দিকে কেএমপির লবণচরা থানা পুলিশের একটি চৌকস দল অভিযান পরিচালনার উদ্দেশ্যে জিরো পয়েন্টের দিকে যাচ্ছিল। পথে টেক্সটাইল কলেজ পার হয়ে বাদশা হাওলাদারের মার্কেটের সামনে ফাঁকা জায়গায় আটটি মোটরসাইকেলসহ আনুমানিক ১৬ থেকে ১৭ জন ব্যক্তিকে সন্দেহজনকভাবে অবস্থান করতে দেখা যায়।

পুলিশের উপস্থিতি টের পেয়ে সেখানে থাকা ব্যক্তিরা দৌড়ে পালানোর চেষ্টা করে। এ সময় তারা ঘটনাস্থলে পাঁচটি মোটরসাইকেল ফেলে যায়।

পুলিশ তাদের ধাওয়া করে দুইজনকে আটক করে। গ্রেফতাররা হলেন আব্দুল্লাহ আল মামুন (২১) পিতা: মাহাবুর রহমান, সাং-গাওঘারা এবং মোঃ ইমরুল গাজী (২১) পিতা-মৃত মোকসেদ গাজী, সাং-শুকতারা। তারা দুজনই বটিয়াঘাটা থানার বাসিন্দা।

পুলিশ ঘটনাস্থলে ফেলে যাওয়া পাঁচটি মোটরসাইকেলও হেফাজতে নেয়।

মোটরসাইকেলগুলোর মালিকানা যাচাই পুলিশ জানিয়েছে, উদ্ধার করা মোটরসাইকেলগুলোর কাগজপত্র, মালিকানা ও রেজিস্ট্রেশনসহ সংশ্লিষ্ট তথ্য যাচাই করা হচ্ছে।

পাশাপাশি গ্রেফতারকৃত দুইজনকে জিজ্ঞাসাবাদ করে তাদের সঙ্গে থাকা অন্য ব্যক্তিদের পরিচয় ও ঘটনাস্থলে তাদের অবস্থানের কারণ জানার চেষ্টা চলছে।

ঘটনার সঙ্গে কোনো অপরাধমূলক কর্মকাণ্ডের সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়াও চলমান রয়েছে।

লবণচরা থানা পুলিশ জানিয়েছে, অপরাধ প্রতিরোধে সন্দেহজনক গতিবিধির ওপর নজরদারি এবং তাৎক্ষণিক অভিযান অব্যাহত থাকবে।

Ads