লোডশেডিং বন্ধ ও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবিতে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট এর মানববন্ধন

কামরুজ্জামান, ঝিনাইদহ প্রতিনিধি ঃ
প্রকাশিত: বুধবার, ১২ আগস্ট, ২০২৬, ৮:৩০ অপরাহ্ণ
লোডশেডিং বন্ধ ও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবিতে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট এর মানববন্ধন

লোডশেডিং বন্ধ ও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার দাবিতে আজ ১২ আগস্ট ২০২৬, বিকাল ৫টায় পায়রা চত্বরে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, ঝিনাইদহ জেলা শাখার উদ্যোগে বিক্ষোভ, মানববন্ধন ও ছাত্র সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সমাবেশে বক্তারা বলেন, দেশের বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা প্রায় ২৯ হাজার মেগাওয়াট হলেও জ্বালানি সংকট, গ্যাসের ঘাটতি, কয়লা ও বিদ্যুৎ আমদানিতে সংকটসহ নানা অব্যবস্থাপনার কারণে জাতীয় চাহিদা অনুযায়ী বিদ্যুৎ সরবরাহ করা যাচ্ছে না। সাম্প্রতিক সময়ে বিদ্যুৎ ঘাটতি ৩ হাজার মেগাওয়াট ছাড়িয়েছে এবং ৯ আগস্ট একপর্যায়ে ঘাটতি ৩,৬৭১ মেগাওয়াটে পৌঁছেছিল। ফলে দেশের বিভিন্ন অঞ্চলে ঘণ্টার পর ঘণ্টা লোডশেডিং হচ্ছে। বক্তারা বলেন, বিদ্যুৎ শুধু একটি ভোগ্যপণ্য নয়-এটি শিক্ষা, চিকিৎসা, কৃষি, শিল্প, ব্যবসা-বাণিজ্যসহ সামগ্রিক উৎপাদন ব্যবস্থার অন্যতম প্রধান অবকাঠামো।

বিদ্যুতের ঘাটতি মানে শুধু ঘর অন্ধকার হওয়া নয়; এর অর্থ শিক্ষার্থীর পড়াশোনা ব্যাহত হওয়া, শ্রমজীবী মানুষের কর্মঘণ্টা নষ্ট হওয়া, ক্ষুদ্র ব্যবসায়ীর উৎপাদন কমে যাওয়া এবং হাসপাতালসহ জরুরি সেবায় ঝুঁকি তৈরি হওয়া। সমাবেশে সভাপতিত্ব করেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, ঝিনাইদহ জেলা শাখার আহবায়ক ছাত্রনেতা শারমিন সুলতানা।

তিনি বলেন, “দেশের বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা ২৯ হাজার মেগাওয়াটের কাছাকাছি, অথচ জনগণকে ৩ হাজারেরও বেশি মেগাওয়াট ঘাটতির অন্ধকারে থাকতে হচ্ছে-এটি শুধু জ্বালানি সংকটের ফল নয়, দীর্ঘদিনের অব্যবস্থাপনা ও ভুল নীতিরও বহিঃপ্রকাশ। জনগণকে অন্ধকারে রেখে সরকার কোনোভাবেই দায় এড়াতে পারে না।” তিনি আরও বলেন, “সরকার এবং বিরোধী দল-কেউই এই দায় এড়িয়ে যেতে পারবে না।

ক্ষমতায় থাকা বা ক্ষমতার বাইরে থাকার অজুহাতে জনগণের দুর্ভোগ থেকে নিজেদের দায়মুক্ত ঘোষণা করা যাবে না। জনগণকে অন্ধকারে রেখে ক্ষমতার পালাবদলের রাজনীতি নয়-আমরা চাই জবাবদিহি, পরিকল্পিত বিদ্যুৎনীতি এবং জনগণের স্বার্থে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ। বিদ্যুৎ খাতের সংকটের দায় যারা এড়িয়ে যাবে, জনগণ তাদেরও জবাব চাইবে।

তিনি বলেন, “শুধু উৎপাদন সক্ষমতার সংখ্যা বাড়িয়ে বিদ্যুৎ সংকটের সমাধান হবে না। প্রয়োজন নির্ভরযোগ্য জ্বালানি সরবরাহ, উৎপাদন কেন্দ্রগুলোর কার্যকর ব্যবহার, সঞ্চালন ও বিতরণ ব্যবস্থার উন্নয়ন, অপচয়-দুর্নীতি বন্ধ এবং দীর্ঘমেয়াদি জনবান্ধব বিদ্যুৎ পরিকল্পনা। জনগণের অর্থে গড়ে ওঠা বিদ্যুৎ ব্যবস্থার সুফল জনগণকেই দিতে হবে।

সমাবেশ পরিচালনা করেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, ঝিনাইদহ জেলা শাখার সংগঠক নুসরাত জাহান সাথী।আলোচনা করেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, সরকারি কেসি কলেজ শাখার সাধারণ সম্পাদক সাইমুন কবির সিফাত, জেলা শাখার সংগঠক তাবিব সুলতান রাফসান এবং এটিআই কলেজ শাখার প্রতিনিধি মো. শাহীন খান শুভ। বক্তারা অবিলম্বে লোডশেডিং বন্ধ, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ, বিদ্যুৎ খাতের অব্যবস্থাপনা ও অনিয়মের তদন্ত এবং দীর্ঘমেয়াদি জনস্বার্থভিত্তিক বিদ্যুৎ পরিকল্পনা গ্রহণের দাবি জানান।

সমাবেশ থেকে বক্তারা আরও বলেন- জনগন অন্ধকার নয়-বিদ্যুৎ চায়। প্রতিশ্রুতি নয়-সমাধান চাই। ৩ হাজার মেগাওয়াট ঘাটতি কেন-জবাব চাই। জনগণের দুর্ভোগ বন্ধ করে অবিলম্বে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ নিশ্চিত করার দাবি জানান।

Ads