ঝিনাইদহে জেলা শহরে রেললাইন স্থাপনের দাবিতে মানববন্ধন ও সমাবেশ

কামরুজ্জামান, ঝিনাইদহ প্রতিনিধি ঃ
প্রকাশিত: শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬, ২:৪৭ অপরাহ্ণ
ঝিনাইদহে জেলা শহরে রেললাইন স্থাপনের দাবিতে মানববন্ধন ও সমাবেশ

ঝিনাইদহ জেলা শহরে রেললাইন স্থাপনের দাবিতে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০টায় শহরের পায়রা চত্বরে এ কর্মসূচির আয়োজন করা হয়।

এতে স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, চিকিৎসক, প্রকৌশলী, আইনজীবী, সাংবাদিক, মানবাধিকারকর্মী, সুশীল সমাজের প্রতিনিধি, ওলামায়ে একরাম, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। সমাবেশে সভাপতিত্ব করেন উপাধ্যক্ষ এন এম শাহজালাল।

বক্তব্য রাখেন গণ অধিকার পরিষদের জেলা সভাপতি প্রভাষক সাখাওয়াত হোসেন, অধ্যক্ষ নাহিদ আক্তার, ঝিনাইদহ রেললাইন বাস্তবায়ন কমিটির সাধারণ সম্পাদক কামরুজ্জামান পিন্টু, অধ্যক্ষ সাইদুর রহমান, জজ কোর্টের এপিপি এ্যাড. মিল্টন, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য ফ্রন্ট এর সভাপতি তপন কুমার বিশ^াস, ইবি ছাত্র আব্দুর রহমান, বামনেতা শহিদুল এনাম, বাসদ সমন্বয়ক অ্যাডভোকেট আসাদুল ইসলাম, সাংবাদিক আজিজুর রহমান সালাম, ব্যবসায়ী আব্দুল জলিল প্রমুখ।

বক্তাগণ বলেন, ঝিনাইদহ জেলা শহর দেশের একটি গুরুত্বপূর্ণ ভৌগোলিক ও প্রশাসনিক অবস্থানে রয়েছে। জেলার ছয়টি উপজেলার কেন্দ্রস্থল হওয়ায় জেলা শহরের সঙ্গে আশপাশের এলাকার মানুষের যোগাযোগ ও যাতায়াত প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে। অথচ দীর্ঘদিন ধরে ঝিনাইদহ জেলা শহর রেল যোগাযোগের বাইরে রয়েছে। তারা বলেন, ঝিনাইদহে রেললাইন স্থাপন করা হলে জেলার কৃষি ও ব্যবসা-বাণিজ্যের প্রসার ঘটবে, পণ্য পরিবহন সহজ ও ব্যয় সাশ্রয়ী হবে এবং সাধারণ মানুষের যাতায়াতের সুযোগ বাড়বে।

একই সঙ্গে জেলার আর্থ-সামাজিক উন্নয়ন, শিল্পায়ন ও কর্মসংস্থান সৃষ্টিতেও রেল যোগাযোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বক্তারা আরও বলেন, প্রায় ২২ লাখ মানুষের বসবাস এই জেলায়। এত বিপুল জনগোষ্ঠীর জন্য আধুনিক ও সহজলভ্য রেল যোগাযোগ ব্যবস্থা সময়ের দাবি। ঝিনাইদহ জেলা শহরকে রেল নেটওয়ার্কের আওতায় আনা হলে চুয়াডাঙ্গা, মেহেরপুরসহ আশপাশের জেলার মানুষও এর সুফল পাবে।

মানববন্ধন থেকে দ্রুত ঝিনাইদহ জেলা শহরে রেললাইন স্থাপনের বিষয়ে কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানানো হয়। এ সময় বক্তারা ঝিনাইদহ জেলা শহরে রেললাইন স্থাপনের পাশাপাশি ঝিনাইদহ জেলা শহরে মেডিকেল কলেজ স্থাপন, কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা, জেলার নদ-নদী ও সড়ক সংস্কার এবং দৌলতদিয়া-পাটুরিয়া পদ্মা নদীতে সেতু দ্রুত বাস্তবায়নের দাবিও জানান।

Ads