নাসিরুদ্দিন নাদিম স্মৃতি বটতলা নাট্যকর্মী পদক’২৬ প্রদান

বিনোদন ডেস্ক ঃ
প্রকাশিত: রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬, ১:৩১ অপরাহ্ণ
নাসিরুদ্দিন নাদিম স্মৃতি বটতলা নাট্যকর্মী পদক’২৬ প্রদান

প্রাণ-প্রকৃতির সুরক্ষা, গণমানুষের অধিকার ও মুক্তির শপথ নিয়ে বিবিধ শিল্পচর্চায় মুখর নাট্যদল ‘বটতলা’-র বার্ষিক সাধারণ সভা বিগত ১২ সেপ্টেম্বর ২০২৬, শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাটমণ্ডল মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের অভ্যন্তরীণ গণতন্ত্র ও জবাবদিহিতার চর্চার ধারাবাহিকতায় অর্ধদিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের শিশু নাটকের অন্যতম পথিকৃৎ, বিশিষ্ট নাট্যজন খালেদা ফেরদৌস। তিনি ১৯৬৩ সালে বাংলাদেশ বেতারে অনুষ্ঠান ঘোষক এবং পরবর্তীতে সংবাদ পাঠক হিসেবে তাঁর কর্মজীবন শুরু করেন। ১৯৭৪ সালে ‘তির্যক নাট্যগোষ্ঠী’তে যোগ দিয়ে তিনি ‘তির্যক লিটল থিয়েটার’ প্রতিষ্ঠা করেন এবং ‘কাঠের ঘোড়া’, ‘আলী বাবা’ ও ‘শাহাজাদীর ঘুম ভাংলোনা’ নাটকগুলোর নির্দেশনার মাধ্যমে স্বাধীন বাংলাদেশের শিশু নাটকের প্রথম নির্দেশক হিসেবে ঐতিহাসিক স্থান করে নেন। ১৯৭৯ সাল থেকে ঢাকায় প্রতিকূল পরিস্থিতির মধ্যেও তাঁর নেতৃত্বে শিশু থিয়েটারের পথচলা নবরূপ লাভ করে। তৎকালীন প্রতিকূল পরিবেশেও খালেদা ফেরদৌস শিশুদের জন্য যে সৃজনশীল কাজের সূচনা করেছেন তার প্রতি বটতলা শ্রদ্ধা জ্ঞাপন করছে।

অনুষ্ঠানের প্রথম পর্বে সংগঠনের বার্ষিক সাংগঠনিক অধিবেশন অনুষ্ঠিত হয়। দলের বিগত এক বছরের সাংগঠনিক এবং আর্থিক বিবরণী উপস্থাপন করেন নির্বাহী পরিষদের সদস্যগণ। দলের কার্যক্রম মূল্যায়ন এবং ভবিষ্যৎ পরিকল্পনা প্রণয়নের নানাবিধ প্রস্তাব গ্রহণের মধ্য দিয়ে পর্বটি শেষ হয়। সভায় সভাপতিত্ব করেন বটতলার সভাপ্রধান খুশী কবির।

দিনের অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে বটতলা পরিচালিত অভিনয় শিক্ষার বিদ্যায়তন এক্টরস স্টুডিও’র ১০ম ব্যাচের শিক্ষার্থীদের সনদপত্র প্রদান এবং সমাপনী প্রযোজনা ‘পুতুল বাড়ি’ মঞ্চস্থ হয়, যা উপস্থিত দর্শক ও নাট্যপ্রেমীদের ভূয়সী প্রশংসা কুড়ায়।

নাসিরউদ্দিন নাদিম স্মৃতি বটতলা নাট্যকর্মী পদক হলো নাট্যদল ‘বটতলা’ কর্তৃক প্রবর্তিত একটি সম্মাননা, যা প্রতি দুই বছর অন্তর সংগঠনের একজন নিবেদিতপ্রাণ নাট্যকর্মীকে প্রদান করা হয়। বটতলার প্রতিষ্ঠাতা সদস্য ও নিয়মিত অভিনেতা নাসিরউদ্দিন নাদিম ২০১৪ সালের ফেব্রুয়ারিতে মারা যান। তাঁর স্মৃতি ও অবদানকে স্মরণীয় করে রাখতেই এই পদক চালু করা হয়। এ বছর নাসিরুদ্দিন নাদিম স্মৃতি বটতলা নাট্যকর্মী পদকে ভূষিত হয়েছেন সুমিত তেওয়ারী রানা। নিকটাত্মীয়ের চিকিৎসাজনিত কারণে সুমিত তেওয়ারী রানা অনুপস্থিত থাকায় পদক গ্রহণ করেন তাঁর পরিবারের সদস্য জ্যোতির্ময় চক্রবর্তী।

সুমিত তেওয়ারী রানা একজন থিয়েটারকর্মী, অভিনেতা ও প্রামাণ্যচিত্র নির্মাতা। ২০১৫ সালে ‘অ্যাক্টরস্ স্টুডিও’-র মাধ্যমে থিয়েটারচর্চা শুরু করে পরবর্তীতে তিনি ‘বটতলা’ নাট্যদলের অভিনয় ও সাংগঠনিক কার্যক্রমে সক্রিয় ভূমিকা রাখেন; তাঁর উল্লেখযোগ্য নাটকের মধ্যে রয়েছে ‘খনা’, ‘ক্রাচের কর্নেল’, ‘বন্যথেরিয়াম’ ও ‘জতুগৃহ’। পাশাপাশি তিনি বিভিন্ন টিভি চ্যানেলে কাজ করার অভিজ্ঞতা অর্জন করেন এবং বর্তমানে ফ্রিল্যান্স ডকুমেন্টারি মেকার হিসেবে কর্মরত আছেন। থিয়েটারে তাঁর নিষ্ঠা ও কাজের স্বীকৃতি হিসেবে তিনি ‘নাসিরুদ্দিন নাদিম স্মৃতি বটতলা নাট্যকর্মী পদক ২০২৬’-এ ভূষিত হয়েছেন।

প্রধান অতিথির বক্তব্যে নাট্যজন খালেদা ফেরদৌস বটতলা’র সামাজিক ও সাংস্কৃতিক পথচলা বিশেষত শিশুদের থিয়েটার উদ্যোগ নিয়ে ভূয়সী প্রশংসা করেন, এবং স্বাধীন বাংলাদেশে নাট্যচর্চার স্মৃতি ও সম্ভাবনা তুলে ধরেন। বটতলা পরিবারের পক্ষ থেকে প্রধান অতিথিকে আন্তরিক শুভেচ্ছা ও শ্রদ্ধা জ্ঞাপন করা হয়।

বটতলা শুরু থেকেই মঞ্চ, পথ এবং ডিজিটাল মাধ্যমে সামাজিক ও রাজনৈতিক দায়বদ্ধতা থেকে শিল্পচর্চা চালিয়ে আসছে। আজকের বার্ষিক সাধারণ সভা ও সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে দলটি তাদের ভবিষ্যৎ পথচলার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে।

Ads