হৃৎমঞ্চ প্রযোজিত জনপ্রিয় নাটক ‘হ্যাপি ডেজ’

বিনোদন ডেস্ক ঃ
প্রকাশিত: বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬, ১:১৬ অপরাহ্ণ
হৃৎমঞ্চ প্রযোজিত জনপ্রিয় নাটক ‘হ্যাপি ডেজ’

ঢাকার মঞ্চে আবার আসছে হৃৎমঞ্চ প্রযোজিত জনপ্রিয় নাটক ‘হ্যাপি ডেজ’। নাটকটির প্রযোজনা সহযোগী মণিপুরি থিয়েটার। এবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার এ্যান্ড পারফরমেন্স স্টাডিজ বিভাগের মিলনায়তন নাটমণ্ডলে নাটকটির প্রদর্শনী হতে যাচ্ছে। সাপ্তাহিক ছুটির দিন আগামী শুক্র ও শনিবার (১৮-১৯ সেপ্টেম্বর) প্রতিদিন বিকাল ৫টা ও সন্ধ্যা ৭টায় নাটকটির ৪টি প্রদর্শনী হতে যাচ্ছে।

অ্যাবসার্ড নাটকের জন্য বিখ্যাত, ‘ওয়েটিং ফর গডো’খ্যাত নোবেলজয়ী নাট্যকার স্যামুয়েল বেকেটের লেখা আলোচিত নাটক ‘হ্যাপি ডেজ’ এর অনুবাদ করেছেন কবীর চৌধুরী । অভিযোজন ও নির্দেশনা দিয়েছেন শুভাশিস সিনহা। এ নাটকে একক অভিনয় করেছেন জ্যোতি সিনহা। নাটকে উইনি নামের এক নারীর নিঃসঙ্গ কিন্তু স্বপ্নময় নারীর জীবনের দৈনন্দিন অদ্ভুত ক্রিয়াকলাপের মধ্য দিয়ে মানুষের এক অভিনব মানসপটকে আঁকা হয়েছে।

পুরো নাটকে উইনি তার স্বামী উইলির সাথে অনর্গল কথা বলে যায়, প্রলাপের মতো। নস্টালজিয়া, অভিযোগ, আকাঙ্ক্ষা কিন্তু সবকিছু ছাপিয়ে তার শরীর-মনের তীব্র প্রেমাকুতি ফুটে ওঠে। মূল টেক্সটে দু’একটি সংলাপের মধ্য দিয়ে অথর্ব, অক্ষম পুরুষ-চরিত্র উইলি উপস্থিত থাকলেও এ প্রযোজনায় তাকে অনুপস্থিত রাখা হয়েছে। কিন্তু স্ত্রী উইনির ঘন্টাব্যাপী কথা-ক্রিয়ার মধ্যে সে বর্তমান থাকে। সে জীবিত নাকি মৃত, সে প্রশ্নের মীমাংসাও হয়তো হয় না।

কিন্তু উইনি তাকে নিয়ে জীবনের এক আনন্দময় দিনের স্বপ্ন দেখে চলে, তাকে নিজের মতো করে সাজিয়ে চলে, যা কোনোদিনই তার জীবনে আসে না। ‘হ্যাপি ডেজ’ মূলত মানুষের আনন্দময় এক জীবনের নিষ্ফল চির-আকাঙ্ক্ষার প্রতীকী নাটক। ঘন্টাব্যাপি এ নাটকে আলোক পরিকল্পনায় আসলাম অরণ্য, সহযোগী আহসান হাবিব বিপু, সেট শাহনাজ জাহান ও শাকিল সিদ্ধার্থ, সংগীত নিয়ন্ত্রণে হুমায়ুন আজম রেওয়াজ ও আলোরিকা সিনহা, ব্যবস্থাপনায় জয়িতা। ২০১৯ সালে ফরাসি দূতাবাসের পৃষ্ঠপোষকতায় মঞ্চে এসেছিল নাটকটি। দেশে ও দেশের বাইরে অসংখ্য প্রদর্শনী হয়েছে।
নাটকটির টিকেটমূল্য রাখা হয়েছে আসন অনুযায়ী ২০০/৩০০/৫০০ টাকা।
শিক্ষার্থীদের জন্য ১০০ টাকার টিকেট রয়েছে।
অগ্রিম টিকেট বুকিং করতে : ০৭৬৫৪৩৩৩৫৮ (বিকাশ)
এছাড়াও শোয়ের দিন বিকাল ৩টা থেকে কাউন্টারে টিকেট পাওয়া যাবে। অনলাইনে টিকেট কাটার লিংক : https://natokghor.com/t/p6jdm

Ads