বটতলা’র নাটক ‘সখী রঙ্গমালা’র ২দিনে পরপর ২টি প্রদর্শনী

বিনোদন ডেস্ক ঃ
প্রকাশিত: শনিবার, ৩ অক্টোবর, ২০২৬, ৪:০১ অপরাহ্ণ
বটতলা’র নাটক ‘সখী রঙ্গমালা’র ২দিনে পরপর ২টি প্রদর্শনী

নন্দিত নাট্য সংগঠন বটতলা’র ১৭তম প্রযোজনা, মোহাম্মদ আলী হায়দার নির্দেশিত নাটক ‘সখী রঙ্গমালা’ আবার মঞ্চে আসছে টানা দুটি প্রদর্শনীর আয়োজন নিয়ে।

নাগরিক নাট্য সম্প্রদায় ও মঙ্গলদীপ ফাউন্ডেশন প্রণোদিত এই নাটকটি প্রথম মঞ্চে আসে বিগত বছরে ২৪ জানুয়ারি ২০২৩ এ ‘আলী যাকের নতুনের উৎসব’ এ। বটতলা নাটকে সব সময় মানুষের এবং সর্বপ্রাণের অধিকারের কথা বলে। বটতলার সকলে বিশ্বাস করে ভালোবাসাই বেঁচে থাকার শক্তি। সে ভালোবাসা মানুষে-মানুষে, মানুষে- প্রকৃতিতে। ভালোবাসা বা প্রেমের যে কোন গন্ডি নেই, একে যে বাঁধা যায়না কোন বিশেষ ছকে, তথাকথিত শত্রুর জন্যও যে মন ব্যাকুল হয়, তাকেও যে আঁকড়ে ধরে একটি গোটা জীবন পার করা যায়, তাকে কামনা করা যায়, হিংসা নয় বরং ভালোবাসায়ই যে কেবল মুক্তি আনে- তেমন এক দর্শন নিয়ে, নারী পুরুষের বা ক্ষমতার রাজনীতির বাইরে দাঁড়িয়ে ভিন্ন রাজনীতিও যে জীবনের জন্য মুখ্য হয়ে উঠতে পারে ‘সখী রঙ্গমালা’ তেমনই এক আভাস দিয়ে যাবে দর্শকের মনে।

সখী রঙ্গমালার আখ্যানের শেকড় বোনা আছে নোয়াখালী অঞ্চলের কিংবদন্তী ‘চৌধুরীর লড়াই’- এ। প্রজন্মান্তরে বহু লোকশ্রুত ও নন্দিত এই লোকজ আখ্যান নয়া ভাষ্য পেল শাহীন আখতার এর উপন্যাস সখী রঙ্গমালা-তে। আর বটতলা‘য় এই উপন্যাসের মঞ্চভ্রমণের পরিসর রচনায় ‘সখী রঙ্গমালা’ উপন্যাসের নাট্যরূপ দিয়েছেন সামিনা লুৎফা নিত্রা ও সৌম্য সরকার।

 

Ads