নন্দীগ্রামে নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা এম আব্দুল্লাহ ইবনে মাসুদ আহমেদের যোগদান

মনিরুজ্জামান মানির, নন্দীগ্রাম প্রতিনিধি(বগুড়া)ঃ
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৫:৩৭ অপরাহ্ণ
নন্দীগ্রামে নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা এম আব্দুল্লাহ ইবনে মাসুদ আহমেদের যোগদান

বগুড়ার নন্দীগ্রামে নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা এম আব্দুল্লাহ ইবনে মাসুদ আহমেদ যোগদান করেছেন। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে তিনি বিদায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আরার নিকট থেকে দায়িত্বভার গ্রহণ করেন।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলহাজ্ব মোশারফ হোসেন এমপি। তিনি বিদায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আরাকে বিদায়ী শুভেচ্ছা ও নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা এম আব্দুল্লাহ ইবনে মাসুদ আহমেদকে ফুলের শুভেচ্ছা জানান।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা গাজীউল হক, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আন্না রানী দাস, থানার অফিসার ইনচার্জ তারিকুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন সরকার, সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন আদর, পৌর বিএনপির সভাপতি মো.আলেকজান্ডার ও সাধারণ সম্পাদক শফিউল আলম সুমনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সাংবাদিকবৃন্দ।

নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা এম আব্দুল্লাহ ইবনে মাসুদ আহমেদ দায়িত্ব পালনকালে সবার আন্তরিক সহযোগিতা কামনা করেন।

উল্লেখ্য, গত ১৭ সেপ্টেম্বর রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয়ের মাঠ প্রশাসন শাখার সিনিয়র সহকারী কমিশনার প্রীতিলতা বর্মনের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে নন্দীগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে পদায়ন করা হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বিসিএস (প্রশাসন) ক্যাডারের কর্মকর্তা এম আব্দুল্লাহ ইবনে মাসুদ আহমেদ উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে পদায়নের জন্য রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয়ে যোগদান করেছিলেন। এদিকে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে নন্দীগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আরা অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে পদোন্নতি পেয়ে যশোর জেলায় বদলির আদেশ পান। নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা এম আব্দুল্লাহ ইবনে মাসুদ আহমেদের নিজ জেলা রংপুর।

Ads