২ বছর পর ঢাকায় ‘কহে বীরাঙ্গনা’, আগামী শনিবার শিল্পকলায়

বিনোদন ডেস্ক ঃ
প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৪:৪৫ অপরাহ্ণ
২ বছর পর ঢাকায় ‘কহে বীরাঙ্গনা’, আগামী শনিবার শিল্পকলায়

দুই বছরেরও বেশি সময় পর মণিপুরি থিয়েটারের জনপ্রিয় নাটক কহে বীরাঙ্গনা আবার ঢাকায় মঞ্চায়িত হতে যাচ্ছে। আগামী ২৬ সেপ্টেম্বর শনিবার মণিপুরি থিয়েটারের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ‘কহে বীরাঙ্গনা’ নাটকের প্রদর্শনী বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল হলে অনুষ্ঠিত হবে। বিকাল ৫টা ও সন্ধ্যা ৭টায় ১০৫ ও ১০৬তম মঞ্চায়ন হবে এক ঘন্টা ব্যাপ্ত নাটকটির।

মাইকেল মধুসূদন দত্তের বীরাঙ্গনা কাব্য থেকে ৪টি সর্গের অবলম্বনে নির্মিত হয়েছে নাটকটি। নির্দেশনা দিয়েছেন শুভাশিস সিনহা। এতে পৌরাণিক চার নারী চরিত্রের বিরহ, অভিমান, ভয়, ক্রোধ ইত্যাদির মধ্য দিয়ে নারীর বহুমাত্রিক রূপ যেমন আঁকা হয়েছে, তেমনি যুদ্ধ ও হানাহানির পৃথিবতে প্রেম ও হৃদয়ের আকুতিই যে বেঁচে থাকার উপায়, সে বার্তাও ঘোষণা করা হয়েছে।

চার নারীর চরিত্রে একক অভিনয় করেছেন জ্যোতি সিনহা। মঞ্চে তার সাথে নৃত্যমুদ্রায় সহশিল্পী হিসেবে থাকবেন স্বর্ণালী সিনহা, অহর্না শর্মা, মৌমিতা সিনহা ও অনামিকা চ্যাটার্জী। সঙ্গীতে আছেন শর্মিলা সিনহা, বাদ্যে বিশাল সিংহ, বিধান সিংহ ও অঞ্জনা সিনহা। আলোক প্রক্ষেপণে মোঃ শাহজাহান। ব্যবস্থাপনায় আপন, রাজকান্ত, সমরজিৎ, শৈশব, সুব্রত, আলোরিকা, শম্পা ও জয়িতা।

নাটকের সময়সীমা ১ ঘন্টা, টিকেট : শোর আগে কাউন্টারে পাওয়া যাবে। অগ্রীম বুকিং ০১৫২১২৫২৩১৩ (বিকাশ) । শিক্ষার্থীদের জন্য ১০০ টাকার টিকেট রয়েছে। আর ৫০০টাকার একটি টিকেট কিনলে একটি স্মারক টি-শার্ট উপহার পাওয়া যাবে। ভিন্ন ক্যাটাগরিতে ২০০ ও ৩০০টাকার টিকেটও রয়েছে।

Ads