নন্দীগ্রাম গৃহনির্মাণ শ্রমিক ইউনিয়নের নির্বাচনে ইউনুস-শামীম জয়ী

মনিরুজ্জামান মানির, নন্দীগ্রাম প্রতিনিধি(বগুড়া)ঃ
প্রকাশিত: রবিবার, ৪ অক্টোবর, ২০২৬, ৮:০৪ অপরাহ্ণ
নন্দীগ্রাম গৃহনির্মাণ শ্রমিক ইউনিয়নের নির্বাচনে ইউনুস-শামীম জয়ী

বগুড়ার নন্দীগ্রাম উপজেলা গৃহনির্মাণ শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩ অক্টোবর) নন্দীগ্রাম মনসুর হোসেন ডিগ্রি কলেজ কেন্দ্রে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

ভোট গণনা শেষে সভাপতি পদে ইউনুস আলী ২৩৮ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শরিফুল ইসলাম পান ১০০ ভোট। সাধারণ সম্পাদক পদে শামীম হাসান ২৩৫ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী তারিকুল ইসলাম পান ৯৬ ভোট।

এছাড়া কার্যনির্বাহী সভাপতি পদে গোলাম রব্বানী ২১১, সহসভাপতি শফিকুল ইসলাম ১৯৪, সহসাধারণ সম্পাদক আলম হোসেন ১৬৯, সাংগঠনিক সম্পাদক আব্দুল বারীক সরদার ২৭০, কোষাধ্যক্ষ আব্দুল ওহাব মিন্টু ১৯৬, দপ্তর সম্পাদক মঞ্জুরুল ইসলাম ২৬২ এবং ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আনোয়ার হোসেন ২০০ ভোট পেয়ে নির্বাচিত হন।

নির্বাচনে ১৫টি পদের মধ্যে ৬টি পদে প্রার্থীরা বিনাপ্রতিদ্বন্দ্বিতায় এবং ৯টি পদে ভোটের মাধ্যমে নির্বাচিত হন। মোট ৩৭৮ জন ভোটারের মধ্যে ৩৪৮ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

নির্বাচন পরিচালনা কমিটিতে ছিলেন নন্দীগ্রাম শিল্প ও বণিক সমিতির সাধারণ সম্পাদক আলহাজ্ব শাবান আলী, সহসভাপতি ফজলুল হক কাসেম ও নন্দীগ্রাম উপজেলা প্রেস ক্লাবের সভাপতি ফজলুর রহমান। রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করেন সাবেক সহকারী অধ্যাপক আব্দুস সাত্তার।

Ads