কেএমপিতে বাংলাদেশ পুলিশ মেধাবৃত্তি-২০২৪ ও ২০২৫ প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত

গাজী যুবায়ের আলম, ব্যুরো প্রধান খুলনা ঃ
প্রকাশিত: সোমবার, ৫ অক্টোবর, ২০২৬, ৫:৫৫ অপরাহ্ণ
কেএমপিতে বাংলাদেশ পুলিশ মেধাবৃত্তি-২০২৪ ও ২০২৫ প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত

কেএমপি হেডকোয়ার্টার্স সম্মেলন কক্ষে বাংলাদেশ পুলিশ মেধাবৃত্তি-২০২৪ ও ২০২৫ এর নির্বাচিত শিক্ষার্থীদের সম্মানী, ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান আজ সোমবার ০৫ অক্টোবর বেলা ১১টায় অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা মেট্রোপলিটন পুলিশের মান্যবর পুলিশ কমিশনার জনাব মোঃ সাজ্জাদুর রহমান।

মেধাবৃত্তি প্রদান অনুষ্ঠানে কেএমপিতে কর্মরত পুলিশ ও নন-পুলিশ সদস্যদের মেধাবী সন্তানদের মধ্যে ২০২৪ ও ২০২৫ সালে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ৫৯ জন এবং এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ১৩ জনসহ সর্বমোট ৭২ জন শিক্ষার্থীদেরকে আলোচ্য শিক্ষাবৃত্তি সনদপত্র, শুভেচ্ছা ক্রেস্ট ও নগদ অর্থ তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে পুলিশ কমিশনার মহোদয় বলেন, আজকের এই অনুষ্ঠানে পুরস্কার প্রদান করতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। প্রায় পাঁচ বছর আগে আমিও একজন অভিভাবক হিসেবে এমন একটি অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলাম।

তাই আজকের আয়োজনের সঙ্গে আমার ব্যক্তিগত অনুভূতিও জড়িত। একজন সন্তানের সাফল্যের পেছনে বাবা-মায়ের ত্যাগ, পরিশ্রম ও উৎসাহের অবদান অপরিসীম। আজ আমি বিশেষভাবে আমাদের মায়েদের অভিনন্দন জানাতে চাই।

আমরা পুলিশ কর্মকর্তারা কর্মক্ষেত্রে অত্যন্ত ব্যস্ত থাকি। সন্তানদের দেখাশোনা ও পরিবারের দায়িত্ব সামলে মায়েরা যে ত্যাগ স্বীকার করেন, তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাঁদের অবদান ছাড়া আমাদের অনেকের পক্ষেই দায়িত্ব যথাযথভাবে পালন করা সম্ভব হতো না।

কর্মজীবনে দেখেছি, সীমিত সামর্থ্যের অনেক অভিভাবকও সন্তানদের ভালো ভবিষ্যতের জন্য সর্বোচ্চ চেষ্টা করেন। তাঁদের সন্তান যখন ভালো ফলাফল করে, তখন সেই সাফল্যে আমরাও আনন্দিত হই। সন্তানদের উদ্দেশ্যে তিনি বলেন, আজ যারা মেধাবৃত্তি পেয়েছো, তোমাদের সবাইকে আন্তরিক অভিনন্দন।

তোমরা বাবা-মায়ের ত্যাগকে সম্মান করবে, ভালোভাবে পড়াশোনা করবে এবং ভবিষ্যতে দেশ ও মানুষের কল্যাণে নিজেদের প্রতিষ্ঠিত করবে এই প্রত্যাশা করছি।

বাংলাদেশ পুলিশ মেধাবৃত্তি প্রদান অনুষ্ঠানে জনাব এম, এম শাকিলুজ্জামান, ডেপুটি পুলিশ কমিশনার (সদর দপ্তর, অতিঃ দায়িত্বে এফএন্ডবি) অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত এবং অতিরিক্ত পুলিশ কমিশনার ক্রাইম এন্ড অপস্ (ভারপ্রাপ্ত)-সহ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাগণ, শিক্ষাবৃত্তিপ্রাপ্ত কোমলমতি শিক্ষার্থীবৃন্দ ও তাদের অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।

Ads