খুলনায় চোরাই মোটরসাইকেল উদ্ধার, দুই আসামি কে গ্রেফতার

গাজী যুবায়ের আলম, ব্যুরো প্রধান খুলনা ঃ
প্রকাশিত: সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬, ১০:৪৩ অপরাহ্ণ
খুলনায় চোরাই মোটরসাইকেল উদ্ধার, দুই আসামি কে গ্রেফতার

খুলনা মহানগর পুলিশের (কেএমপি) খালিশপুর থানা পুলিশের অভিযানে চারটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় চুরির মামলার দুই আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, গতকাল ২৫ অক্টোবর ২০২৬ রাত আনুমানিক ৩টা ৪৫ মিনিটে খালিশপুর থানার একটি চুরি মামলার প্রধান আসামি আকবর হোসেন মুন্না (২৬) কে বটিয়াঘাটা থানার শান্তিনগর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

তিনি বাগেরহাটের রামপাল উপজেলার আলিপুর গ্রামের মজিবুর রহমানের ছেলে। বর্তমানে খুলনার বটিয়াঘাটা থানার দারোগাভিটা এলাকায় বসবাস করতেন।

গ্রেপ্তার আকবরের দেওয়া তথ্যের ভিত্তিতে একই দিন সকাল ৮টা ৫০ মিনিটে বাগেরহাট সদর থানা এলাকার নিজ বাসা থেকে রাব্বি (২০) নামের আরেক আসামিকে গ্রেপ্তার করা হয়।

পরবর্তীতে আসামিদের দেওয়া তথ্য এবং আকবরের দেখানো ও শনাক্তের ভিত্তিতে বাগেরহাটের ফকিরহাট থানা এলাকায় পলাতক আসামি তারিকুল ইসলাম চঞ্চলের (৩০) বাড়ি থেকে চারটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।

উদ্ধার করা মোটরসাইকেলগুলো হলো—বাজাজ পালসার ১৫০ সিসি, নীল রঙের সুজুকি জিক্সার, লাল রঙের হোন্ডা লিভো এবং নীল রঙের এফজেড ভার্সন-৪।

গ্রেপ্তার দুই আসামিকে আদালতে পাঠানো হয়েছে। উদ্ধার হওয়া বাকি মোটরসাইকেল গুলোর বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

পুলিশের তথ্য অনুযায়ী, গ্রেপ্তার আকবর হোসেন মুন্নার বিরুদ্ধে একাধিক চুরির মামলার তথ্য পাওয়া গেছে।

Ads