ডুমুরিয়ায় রক্তক্ষয়ী সংঘর্ষ: ১৬ দিন পর প্রধান আসামি মদন গ্রেপ্তার

গাজী যুবায়ের আলম, ব্যুরো প্রধান খুলনা ঃ
প্রকাশিত: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ৬:১৩ অপরাহ্ণ
ডুমুরিয়ায় রক্তক্ষয়ী সংঘর্ষ: ১৬ দিন পর প্রধান আসামি মদন গ্রেপ্তার

দীর্ঘদিন পলাতক থাকার পর রংপুর থেকে ভোররাতে আটক; মদনের দাবি, প্রতিপক্ষের হামলার প্রতিবাদ করতে গিয়ে সংঘর্ষ, আহত হন তাঁরাও

পরকীয়া ও মোবাইল চুরির সন্দেহে শুরু, শেষ পর্যন্ত রক্তক্ষয়ী সংঘর্ষ-দা-শাবলের আঘাতে গুরুতর আহত হয়েছিলেন পরিমল মণ্ডলসহ চারজন। ঘটনার পর থেকেই পলাতক ছিলেন আলোচিত মামলার প্রধান আসামি বাবলু মণ্ডল ওরফে মদন।

অবশেষে ঘটনার ১৬ দিন পর পুলিশের জালে ধরা পড়লেন তিনি। আজ মঙ্গলবার ১০ নভেম্বর ভোররাতে খুলনার ডুমুরিয়া উপজেলার রংপুর এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে তাঁকে আটক করে পুলিশ।

পুলিশ জানায়, ঘটনার পর দীর্ঘদিন বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলেন মদন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়েছে। তাঁর আটকের মধ্য দিয়ে আলোচিত সংঘর্ষের ঘটনায় তদন্তে নতুন মাত্রা যুক্ত হয়েছে।

তবে পুলিশের হাতে আটকের পর মদনের দাবি, প্রতিপক্ষের লোকজন তাঁর বাড়িঘর ভাঙচুর ও হামলা করতে এসেছিল। এর প্রতিবাদ করতে গেলে দুই পক্ষের মধ্যে মারামারি হয়। এতে তাঁর পক্ষেরও তিনজন আহত হন। বেশ কিছুদিন হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে পূজার কারণে প্রথমে রংপুরে পৌঁছালে পুলিশ তাঁকে আটক করে।

উল্লেখ্য, গত ২৫ অক্টোবর রাত ৮টার দিকে ডুমুরিয়ার কৃষ্ণনগর গ্রামে পরকীয়ার অভিযোগ ও মোবাইল চুরির সন্দেহকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে পরিমল মণ্ডল (৫৫) প্রতুল মণ্ডল (২৪) রনি মণ্ডল (১৫) ও ডা. ওমর মণ্ডল (৩৭) আহত হন। পরিমল মাথায় ধারালো অস্ত্রের আঘাত পেয়ে গুরুতর অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন।

এ ঘটনায় মদনসহ কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ ওঠে। এর আগে মদনের মা বাসতি মণ্ডল ও টুলু মণ্ডলকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছিল। পাশাপাশি সংঘর্ষের জেরে গরু-বাছুর বিক্রির টাকা নিয়েও দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি অভিযোগ দেখা দেয়।

প্রায় ১৬ দিন পর প্রধান আসামি মদন আটক হলেও সংঘর্ষের প্রকৃত কারণ, হামলার সঙ্গে কারা জড়িত এবং উভয় পক্ষের অভিযোগের সত্যতা নিয়ে এখনো নানা প্রশ্ন রয়েছে। তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্ঘাটন ও জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

Ads