ইরাককে অস্থিতিশীল রাখতে মার্কিন ষড়যন্ত্র; মুখ খুললেন ইরাকি এমপি

জিনিউজবিডি২৪ ডেস্ক ঃ
প্রকাশিত: সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬, ৯:৩১ পূর্বাহ্ণ
ইরাককে অস্থিতিশীল রাখতে মার্কিন ষড়যন্ত্র; মুখ খুললেন ইরাকি এমপি

ইরাকের প্রভাবশালী সংসদ সদস্য ফালেহ আল-খাজালি বলেছেন, ইরাকসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অস্থিতিশীলতা ও সংকট সৃষ্টির মাধ্যমে নিজেদের প্রভাব বজায় রাখতে চায় যুক্তরাষ্ট্র।

ইরাকে যুক্তরাষ্ট্রের অব্যাহত হস্তক্ষেপমূলক তৎপরতার কথা উল্লেখ করে তিনি বলেন, ওয়াশিংটন ইরাকসহ পুরো অঞ্চলে বিভিন্ন তৎপরতার মাধ্যমে বিশৃঙ্খলা ও সংকট সৃষ্টি করতে চাইছে।

ইরাকের সংসদ সদস্য ও ‘মুনতাসিরুন’ পার্লামেন্টারি জোটের প্রধান ফালেহ আল-খাজালি আরও বলেন, ইরাক তথা এ অঞ্চলজুড়ে যুক্তরাষ্ট্রের নীতি ও তৎপরতা এখন স্পষ্ট। বিদেশি নির্দেশনা মেনে নিতে অস্বীকৃতি জানানো ইরাকের মতো দেশগুলোর ওপর রাজনৈতিক, অর্থনৈতিক ও নিরাপত্তাগত চাপ অব্যাহত রাখতে নিজেদের সহযোগীদের ব্যবহার করছে ওয়াশিংটন।

তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রের এসব ধ্বংসাত্মক তৎপরতা প্রতিহত করতে জাতীয় পর্যায়ে সর্বোচ্চ সতর্কতা, রাজনৈতিক ও জনঐক্য এবং নিরাপত্তা প্রতিষ্ঠান ও পপুলার মোবিলাইজেশন ফোর্সেসের (হাশদ আশ-শাবি) সক্ষমতা জোরদার করা প্রয়োজন। এর মাধ্যমে ইরাকের সার্বভৌমত্ব রক্ষা এবং দেশটির স্থিতিশীলতাকে লক্ষ্যবস্তু করা বিদেশি হস্তক্ষেপ ও ষড়যন্ত্র মোকাবিলা করা সম্ভব হবে।

অন্যদিকে, ইরাকি রাজনৈতিক বিশ্লেষক কাসিম বেলশান বলেছেন, ইরাকের জারফ আল-নাসর এলাকা থেকে পপুলার মোবিলাইজেশন ফোর্সেসকে সরিয়ে দেওয়ার চেষ্টা করেই যুক্তরাষ্ট্রের চাপ সীমাবদ্ধ নেই। বর্তমানে হাশদ আশ-শাবি আইন পাসের প্রক্রিয়ায় বাধা সৃষ্টিরও চেষ্টা করছে ওয়াশিংটন। আর ইরাকের ভেতরের কিছু ব্যক্তি যুক্তরাষ্ট্রের এসব দাবির সঙ্গে একমত পোষণ করছেন।

এই বিশ্লেষক আরও বলেন, পারস্য উপসাগরীয় অঞ্চলের কয়েকটি আরব দেশ ইরাকের অভ্যন্তরে যুক্তরাষ্ট্রের পরিকল্পনাকে সমর্থন করছে। হাশদ আশ-শাবি আইন পাস না করার জন্য বাগদাদের ওপর মার্কিন চাপের প্রতিও তারা সমর্থন জানাচ্ছে।

তিনি আরও বলেন, জারফ আল-নাসরে হাশদ আশ-শাবির ওপর হামলার উদ্দেশ্য হলো এই বাহিনীর বিরুদ্ধে গণমাধ্যমে নেতিবাচক প্রচারণা চালানো, অপবাদ দেওয়া এবং মিথ্যা তথ্য ছড়ানো।#

Ads