রাতের আঁধারে খুলনা সিটি কর্পোরেশনের ভবনে পেট্রোল বোমা নিক্ষেপ

গাজী যুবায়ের আলম, ব্যুরো প্রধান খুলনা ঃ
প্রকাশিত: সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬, ৯:৩৫ পূর্বাহ্ণ
রাতের আঁধারে খুলনা সিটি কর্পোরেশনের ভবনে পেট্রোল বোমা নিক্ষেপ

খুলনা সিটি কর্পোরেশনের (কেসিসি) নগর ভবন লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। আজ রোববার ১৫ নভেম্বর দিবাগত রাত আনুমানিক পৌনে ১২টার দিকে এ ঘটনা ঘটে। তবে দাহ্য কোনো বস্তু না থাকায় এবং দ্রুত আগুন নিভিয়ে ফেলায় বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রোববার রাত পৌনে ১২টার দিকে একটি মোটরসাইকেলে করে দুই যুবক নগর ভবনের সামনে আসে। এ সময় তারা ভবনের মূল সিঁড়ি লক্ষ্য করে একটি পেট্রোল বোমা ছুড়ে মেরে দ্রুত পালিয়ে যায়।

বোমাটি সিঁড়িতে পড়ার পরপরই আগুন ধরে যায়। তবে আশপাশে কাঠ, কাগজ বা অন্য কোনো দাহ্য পদার্থ না থাকায় আগুন ছড়িয়ে পড়তে পারেনি।

খবর পেয়ে স্থানীয়দের সহায়তায় পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন পুরোপুরি নিভিয়ে ফেলে।

এ বিষয়ে খুলনা সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আশরাফ হোসেন জানান, সংবাদ পেয়ে আমরা তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে উপস্থিত হই।

পেট্রোল বোমাটি নগর ভবনের সিঁড়ির ওপর ফেলা হয়েছিল। স্থানীয়দের সহায়তায় দ্রুত আগুন নিভিয়ে ফেলায় বড় কোনো বিপদ ঘটেনি।

Ads