প্রচণ্ড বিস্ফোরণে হরমুজ প্রণালিতে দুটি তেলবাহী ট্যাংকারে আগুন, একটি ডুবে গেছে

জিনিউজবিডি২৪ ডেস্ক ঃ
প্রকাশিত: সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬, ১১:৪১ পূর্বাহ্ণ
প্রচণ্ড বিস্ফোরণে হরমুজ প্রণালিতে দুটি তেলবাহী ট্যাংকারে আগুন, একটি ডুবে গেছে

হরমুজ প্রণালির দক্ষিণাঞ্চলের নিষিদ্ধ পথে চলাচলকারী দুটি তেলবাহী ট্যাংকার সমুদ্রের মাইনে আঘাতপ্রাপ্ত হয়ে ভয়াবহ বিস্ফোরণের শিকার হয়েছে।

ইরানের সংবাদমাধ্যমের বরাতে ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইআরআইবি জানিয়েছে, রোববার ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) নৌবাহিনী এক বিবৃতিতে এ তথ্য জানায়।

বিবৃতিতে বলা হয়, দুটি তেলবাহী ট্যাংকার যুক্তরাষ্ট্রের ‘অপরাধী সেনাবাহিনীর’ প্ররোচনা ও সহযোগিতায় নিজেদের সব শনাক্তকরণ এবং অবস্থান নির্ণয়কারী জিপিএস ব্যবস্থা বন্ধ করে গোপনে হরমুজ প্রণালি অতিক্রমের চেষ্টা করছিল। এ সময় সেগুলো সমুদ্রের মাইনে আঘাতপ্রাপ্ত হয়। ভয়াবহ বিস্ফোরণের পর ট্যাংকার দুটিতে আগুন ধরে যায়।

উল্লেখ্য, ট্যাংকার দুটির মধ্যে একটি ছিল সুপার ট্যাংকার। এতে ২০ লাখ ব্যারেলেরও বেশি অপরিশোধিত তেল ছিল। ভয়াবহ বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের পর ট্যাংকারটি পারস্য উপসাগরের দক্ষিণাঞ্চলীয় জলসীমায় ডুবে যায় বলে বিবৃতিতে দাবি করা হয়েছে।

ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর নৌবাহিনী তেলবাহী ট্যাংকারের মালিক, শিপিং কোম্পানির পরিচালক এবং জাহাজের নাবিকদের নিষিদ্ধ এলাকা থেকে দূরে থাকার বিষয়ে সতর্ক করেছে।

বিবৃতিতে আরও বলা হয়, যুক্তরাষ্ট্রের আগ্রাসী সামরিক বাহিনীর প্ররোচনায় কেউ যেন বিভ্রান্ত না হয়। ইরানের নির্ধারিত নিয়ম ও বিধিনিষেধ লঙ্ঘন করে নিষিদ্ধ ও মাইন-ঝুঁকিপূর্ণ এলাকায় প্রবেশকারী সব জাহাজের পরিণতি এমনই হবে।

Ads