ইরানের নিরাপত্তাসংক্রান্ত উদ্বেগের বিষয়ে সমঝোতায় পৌঁছানো সম্ভব: গ্রোসি

জিনিউজবিডি২৪ ডেস্ক ঃ
প্রকাশিত: বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬, ৯:৫৩ পূর্বাহ্ণ
ইরানের নিরাপত্তাসংক্রান্ত উদ্বেগের বিষয়ে সমঝোতায় পৌঁছানো সম্ভব: গ্রোসি

ক্ষতিগ্রস্ত পারমাণবিক স্থাপনাগুলো পরিদর্শনের বিষয়ে ইরানের নিরাপত্তা ও সুরক্ষাসংক্রান্ত উদ্বেগের কথা স্বীকার করেছেন আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) মহাপরিচালক রাফায়েল গ্রোসি। তিনি বলেছেন, এসব উদ্বেগ নিরসনে সমঝোতায় পৌঁছানো সম্ভব। একই সঙ্গে তেহরান ও আইএইএর মধ্যে সহযোগিতা পুনরায় শুরু হবে বলেও আশা প্রকাশ করেছেন তিনি।

পার্সটুডে জানিয়েছে, আজ (বুধবার) ভিয়েনায় আইএইএর বোর্ড অব গভর্নরসের বৈঠকের ফাঁকে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন সংস্থাটির মহাপরিচালক রাফায়েল গ্রোসি।

তিনি বলেন, “আমি বারবার জোর দিয়ে বলেছি, নিরাপত্তা বা সুরক্ষাসংক্রান্ত কোনো উদ্বেগ থাকলে তা নিয়ে আমরা সমঝোতায় পৌঁছাতে পারি।

কায়রো চুক্তির কথা উল্লেখ করে তিনি বলেন, “গত বছর আমরা কায়রোতে একটি চুক্তি স্বাক্ষর করেছিলাম। হামলার শিকার হওয়া স্থাপনাগুলোতে প্রবেশের বিষয়ে ইরানের সুনির্দিষ্ট উদ্বেগগুলো বিবেচনায় নেওয়াই ছিল ওই চুক্তির মূল উদ্দেশ্য।

তেহরান ও আইএইএ আবারও একটি অভিন্ন সমঝোতায় পৌঁছাতে এবং নিরাপত্তা চুক্তির আওতায় সহযোগিতা পুনরায় শুরু করতে পারবে বলে আশা প্রকাশ করেন গ্রোসি।

এদিকে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি সরকারের পক্ষ থেকে ইরানের পারমাণবিক স্থাপনায় চালানো বেআইনি হামলার নিন্দা না জানানো গ্রোসি দাবি করেছেন, বুশেহর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র ছাড়া ইরানের অন্য কোনো পারমাণবিক স্থাপনায় পরিদর্শন কার্যক্রম পরিচালিত হচ্ছে না। তাঁর মতে, আইএইএর প্রত্যাশা অনুযায়ী তেহরানের সঙ্গে বর্তমানে সহযোগিতার মাত্রা নেই।

তিনি আরও দাবি করেন, “আমি সহযোগিতার বিষয়টি অস্বীকার করছি না; বরং বলছি, যেভাবে সহযোগিতা থাকা উচিত, সেভাবে তা নেই।

ইরানের ইসলামী প্রজাতন্ত্রের পক্ষ থেকে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক আগ্রাসনের ফলে সৃষ্ট অস্বাভাবিক পরিস্থিতিতে স্বাভাবিকভাবে নিরাপত্তা চুক্তির কার্যক্রম বাস্তবায়ন সম্ভব নয়। নিয়মিত পরিদর্শন কার্যক্রমে ফিরে যেতে হলে ইরানের ন্যায্য নিরাপত্তা উদ্বেগগুলো বিবেচনায় নিতে হবে এবং এসব হামলার পরিণতি ও ক্ষয়ক্ষতি মোকাবিলা করতে হবে।

Ads