নওগাঁয় ধানক্ষেত থেকে গরু ব্যবসায়ীর রক্তাক্ত লাশ উদ্ধার

মো: ফজলুর রহমান, নওগাঁ প্রতিনিধি ঃ
প্রকাশিত: বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬, ১০:৫৯ অপরাহ্ণ
নওগাঁয় ধানক্ষেত থেকে গরু ব্যবসায়ীর রক্তাক্ত লাশ উদ্ধার

নওগাঁর মহাদেবপুরে এরশাদ হোসেন (৪৫) নামে এক গরু ব্যবসায়ীকে হত্যা করে তার লাশ ধানক্ষেতে ফেলে রেখে গেছে দুর্বৃত্তরা। বুধবার মহাদেবপুর উপজেলার চান্দাশ ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামে বাগডোব থেকে খাজুর যাওয়ার পাকা সড়কের পাশের একটি ধানক্ষেত থেকে তার লাশ উদ্ধার করা হয়।

নিহত এরশাদ হোসেন মহাদেবপুর উপজেলার সফাপুর ইউনিয়নের চকগৌরী গ্রামের মৃত নওশাদ আলীর ছেলে।

জানা যায়, বুধবার সকালে উপজেলার লক্ষ্মীপুর গ্রামের রাস্তার পাশের একটি ধানক্ষেতে তার রক্তাক্ত লাশ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে তারা মহাদেবপুর থানা পুলিশকে খবর দেন। খবর পেয়ে মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক সংগীয় ফোর্সসহ ঘটনাস্থল পরিদর্শন করে নিহতের প্রাথমিক সুরতহাল প্রতিবেদন তৈরি করেন।
তবে স্থানীয়রা জানান শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে এবং সেই শেষ স্থানগুলো দিয়ে রক্ত বের হচ্ছে।

নিহতের পরিবারের সদস্যরা বলেন, নিহত এরশাদ গতকাল বিকেলে জিগাতলা বাজারের উদ্দেশ্যে বাসা থেকে বের হয়ে যান। এরপর তিনি রাতে আর বাসায় ফিরে আসেননি। তারা সম্ভাব্য সকল জায়গায় অনেক খোঁজাখুঁজি করে হয়রান হলেও তার কোন হদিস পাওয়া যায়নি।

আজ বুধবার সকালে সামাজিক যোগাযোগ মাধ্যমে লাশ পড়ে থাকার তথ্যটি তারা জানতে পারেন।

মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক বলেন, দুর্বৃত্তরা তার মুখমণ্ডলসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত করে হত্যা করেছে বলে জানা যাচ্ছে।

হত্যার পরপরই লাশটি রাস্তার পাশের ধানক্ষেতে ফেলে রেখে যায়। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে, টাকা-পয়সার লেনদেনকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে থাকতে পারে। ময়নাতদন্তের প্রতিবেদন এলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

 

Ads