খুলনা মহানগরীতে ভুয়া সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজি, বিশৃঙ্খলা প্রতিরোধে তিন দফা নির্দেশনা জারি

গাজী যুবায়ের আলম, ব্যুরো প্রধান খুলনা ঃ
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ১০:৫৯ অপরাহ্ণ
খুলনা মহানগরীতে ভুয়া সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজি, বিশৃঙ্খলা প্রতিরোধে তিন দফা নির্দেশনা জারি

খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি)। অনুমোদনহীন পরিচয়পত্র ও স্টিকার ব্যবহার করে চাঁদা দাবি, মিথ্যা সংবাদ প্রচার এবং সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে বিশৃঙ্খলা সৃষ্টির বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে পুলিশ। নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা জানানো হয়েছে।

খুলনা মহানগরীর জননিরাপত্তা, শৃঙ্খলা ও শান্তি বজায় রাখার স্বার্থে খুলনা মেট্রোপলিটন পুলিশ অধ্যাদেশ, ১৯৮৫-এর ২৮ ও ২৯ ধারায় অর্পিত ক্ষমতাবলে এ নির্দেশনা জারি করা হয়েছে।

নির্দেশনার প্রথম দফায় বলা হয়েছে, যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন ছাড়া কোনো ব্যক্তি সাংবাদিক বা অন্য কোনো পেশার ভুয়া পরিচয়পত্র (আইডি কার্ড) কিংবা স্টিকার ব্যবহার করে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছে চাঁদা দাবি, অর্থ আদায় বা কোনো ধরনের চাপ সৃষ্টি করতে পারবেন না।

দ্বিতীয় দফায় অপপ্রচার ও গুজব প্রতিরোধের বিষয়ে বলা হয়েছে, জনমনে বিভ্রান্তি সৃষ্টি কিংবা রাষ্ট্র ও সমাজের ভাবমূর্তি ক্ষুণ্ন হতে পারে—এমন অসত্য, উসকানিমূলক ও ভিত্তিহীন সংবাদ, ছবি, ভিডিও বা বক্তব্য কোনো মাধ্যমে প্রচার ও প্রদর্শন করা সম্পূর্ণ নিষিদ্ধ।

তৃতীয় দফায় জনসমাগমস্থলে বিশৃঙ্খলা প্রতিরোধের নির্দেশনা দেওয়া হয়েছে। কোনো সরকারি-বেসরকারি দপ্তর, প্রেসক্লাব চত্বর কিংবা জনসমাগমস্থলে ভুয়া পরিচয়ে সমবেত হয়ে প্রতিবন্ধকতা বা বিশৃঙ্খলা সৃষ্টি করা যাবে না।

নির্দেশনায় আরও বলা হয়েছে, এসব নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে খুলনা মেট্রোপলিটন পুলিশ অধ্যাদেশ, ১৯৮৫-এর ৫৯ ও ৬০ ধারা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি প্রচলিত দণ্ডবিধি, ১৮৬০-এর চাঁদাবাজি ও প্রতারণা-সংক্রান্ত ধারা এবং সাইবার নিরাপত্তা আইন অনুযায়ী কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

খুলনা মহানগরীতে কোনো ধরনের ভুয়া পরিচয়দানকারী, চাঁদাবাজ বা অপপ্রচারকারীর সন্ধান পেলে তাৎক্ষণিকভাবে নিকটস্থ থানা অথবা খুলনা মেট্রোপলিটন পুলিশের কন্ট্রোল রুমে ( ০১৩২০-০৬০৯৯৮) তথ্য দেওয়ার জন্য নগরবাসীর প্রতি আহ্বান জানানো হয়েছে। এ ছাড়া জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরেও তথ্য দেওয়ার অনুরোধ করা হয়েছে।

জনস্বার্থে জারি করা এ আদেশ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বল থাকবে।

Ads