যশোরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, আগুনে দগ্ধ যুবক

নজরুল ইসলাম, ভ্রাম্যমান প্রতিনিধি (যশোর)ঃ
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ১০:৪৩ অপরাহ্ণ
যশোরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, আগুনে দগ্ধ যুবক

যশোর শহরের বেজপাড়ায় দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে একটি মোটরসাইকেলে আগুন ধরে নাদিম (২৫) নামে এক যুবক দগ্ধ হয়েছেন। মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে বেজপাড়া পূজার মাঠের মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

আহত নাদিম যশোর শহরের বেজপাড়া তালতলা এলাকার সাকির হোসেনের ছেলে।জানা গেছে, মঙ্গলবার রাতে নাদিম হেলমেট পরে মোটরসাইকেলযোগে নিজ বাড়ি থেকে যশোর শহরের চৌরাস্তার দিকে যাচ্ছিলেন। পথে বেজপাড়া পূজার মাঠের মোড়ে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি অজ্ঞাত মোটরসাইকেলের সঙ্গে তাঁর মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়।

সংঘর্ষের পর নাদিমের মোটরসাইকেলে আগুন ধরে যায়। এতে আগুনে দগ্ধ হয়ে তিনি আহত হন। পরে স্থানীয় লোকজন ও পরিবারের সদস্যরা তাঁকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যান।

বর্তমানে নাদিম হাসপাতালের পুরুষ সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন। হাসপাতাল সূত্রে জানা গেছে, তাঁর অবস্থা আশঙ্কামুক্ত।

Ads