নবান্ন উৎসবকে ঘিরে বিরামপুরে কৃষাণ-কৃষাণীরা কর্মচাঞ্চল্যে মুখর

মিজানুর রহমান মিজান, বিরামপুর প্রতিনিধি (দিনাজপুর) ঃ
প্রকাশিত: রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬, ৫:৪৯ অপরাহ্ণ
নবান্ন উৎসবকে ঘিরে বিরামপুরে কৃষাণ-কৃষাণীরা কর্মচাঞ্চল্যে মুখর

গ্রামীণ জনপদে গ্রামবাংলার চিরায়ত উৎসব নবান্নকে ঘিরে চলছে এখন সাজ সাজ রব। নতুন ধান তুলতে হবে ঘরে। আর সেই ধানের চাল দিয়ে তৈরি ক্ষির-পায়েস প্রিয়জনদের মুখে তুলে দেওয়ার মাধ্যমে কৃষক খুঁজে পায় বর্ষায় বৃষ্টিতে ভিজে ফসল আবাদের স্বার্থকতা।

দিনাজপুর জেলার বিরামপুর ও পার্শ্ববতী উপজেলায় বন্যার প্রভাবমুক্ত আমন ধান কেটে ঘরে তোলা ও নবান্ন উৎসবকে ঘিরে কৃষকের পাশাপাশি গ্রামীণ নারীরাও কর্মচাঞ্চল্যে মুখর হয়ে উঠেছে। কৃষকরা মাঠ থেকে নতুন ধান কেটে ঘরে তোলার আগে কৃষক বধুদের নিতে হয় নানা প্রস্তুতি। নতুন ধানের চাল থেকে তৈরি ক্ষির-পায়েস ও বিভিন্ন ধরনের খাদ্য দিয়ে অতিথি আপ্যায়নের মাধ্যমে দিনাজপুর অঞ্চলে পহেলা অগ্রহায়ন পালিত হয় নবান্ন উৎসব।

এখন কর্মচাঞ্চল্যে মুখর নতুন ধান ঘরে তোলা নিয়ে গ্রামের মানুষ। নতুন ধান আসার আগে নিজেদের বাড়ি ঘর ঝেড়ে মুছে পরিস্কারের কাজ করে নেন মহিলারা। গ্রামাঞ্চলেও বর্তমান সময়ে অনেক পাকা বাড়ি নির্মিত হয়েছে। তবে প্রত্যন্ত গ্রামে এখনও যেসব মাটির বাড়ি রয়েছে সেগুলোর দেওয়ালে বিভিন্ন রং ও চুন দিয়ে আল্পনা এঁকে নারীরা ফুটে তুলছেন তাদের শিল্পী মনের প্রতিচ্ছবি।

মাঠ থেকে কৃষকরা ধান কেটে আনলে কৃষক বধুরা সেই ধান পানিতে ভিজিয়ে রাখেন। একরাত পর ভিজানো ধান সিদ্ধ করে শুকানো হয় রোদে। ঐ ধান ঢেকিতে বা মেশিনে ভানলে বেরিয়ে আসে মুক্ত বরণ চাল। আর সেই নতুন চাল দিয়ে তৈরি ক্ষির-পায়েস পরিবার পরিজনের মুখে তুলে দিয়ে তৃপ্ত হন গ্রামীণ নারীরা। এরপর প্রতিবেশি, আত্মীয়-স্বজন ও অতিথি আপ্যায়নের পালা চলে সপ্তাহ জুড়ে। নবান্ন উপলক্ষ্যে ভোজ উৎসবে মাংশের জোগান দিতে বিভিন্ন গ্রামে গরু-খাসি জবাইয়ের প্রস্তুতি শুরু হয়েছে। নবান্নের আয়োজনকে সামনে রেখে এখন কর্মচাঞ্চল্যে মুখর প্রতিটি গ্রামের মানুষ। চলছে আত্মীয়-স্বজনকে দাওয়াতের কাজ।

বিরামপুর উপজেলার প্রত্যন্ত গ্রাম চকমাধব (গোপালপুর) কৃষক ইউনুছ আলী মন্ডল বলেন, ঐ এলাকার কৃষকরা নবান্ন উৎসবের আয়োজনে ব্যস্ত সময় পার করছেন। উপজেলার ৫নং বিনাইল ইউপি চেয়ারম্যান হুমায়ুন কবীর বাদশা ও ৬ নম্বর জোতবানী ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক বলেন, নবান্ন উৎসব ঘিরে নারীরা তাদের ঘরবাড়িতে বিভিন্ন রং করে নতুন ভাবে সাজাতে ব্যস্ত রয়েছেন। উপজেলায় এবারও ১লা অগ্রহায়ন থেকে সপ্তাহব্যাপী চলবে নবান্ন উৎসব।

 

Ads