ছয় মাসের শিশু সারার পাশে দাঁড়ালেন মাসুদ রানা প্রধান

জয়পুরহাট প্রতিনিধিঃ
প্রকাশিত: রবিবার, ২২ নভেম্বর, ২০২৬, ৯:৫৩ অপরাহ্ণ
ছয় মাসের শিশু সারার পাশে দাঁড়ালেন মাসুদ রানা প্রধান

অর্থাভাবে চিকিৎসা প্রায় অনিশ্চিত হয়ে পড়া ছয় মাসের শিশু সারার চিকিৎসার দায়িত্ব নিয়ে মানবিকতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন জয়পুরহাট জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রধান।

​রবিবার (২২ নভেম্বর) দুপুরে জয়পুরহাট জেলা পরিষদের প্রশাসকের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে শিশুটির মায়ের হাতে আর্থিক সহায়তার চেক তুলে দেওয়া হয়।

​জানা গেছে, জয়পুরহাট পৌর শহরের হারাইল মহল্লার বাসিন্দা আক্তার বানুর ছয় মাস বয়সী শিশু কন্যা সারার শরীরে জন্মগতভাবে দুটি জটিল রোগ ধরা পড়ে। দরিদ্র পরিবারের পক্ষে ব্যয়বহুল এই চিকিৎসা চালিয়ে যাওয়া অসম্ভব হয়ে পড়েছিল। বিষয়টি নজরে এলে মানবিক দিক বিবেচনায় শিশুটির চিকিৎসার পাশে এসে দাঁড়ান মাসুদ রানা প্রধান।

​সহায়তার চেক প্রদানকালে জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রধান বলেন, “মানবতার সবচেয়ে সুন্দর রূপ ফুটে ওঠে তখনই, যখন অসহায় মানুষের বিপদের দিনে আমরা পাশে দাঁড়াতে পারি। একটি নিষ্পাপ শিশুর হাসি বাঁচাতে এগিয়ে আসা মানেই একটি পরিবারের নতুন স্বপ্নকে বাঁচিয়ে রাখা। ছোট্ট সারার চিকিৎসার জন্য আজ সামান্য সহযোগিতা নিয়ে পাশে দাঁড়িয়েছি।

ভবিষ্যতেও যেকোনো প্রয়োজনে এই পরিবারটির পাশে থাকব। আমি সমাজের বিত্তবান ও সামর্থ্যবানদের প্রতি আহ্বান জানাই, আপনারাও অসহায় মানুষদের পাশে দাঁড়ান, যাতে অর্থের অভাবে কোনো শিশু বিনা চিকিৎসায় কষ্ট না পায়।

​অন্যদিকে, চরম দুঃসময়ে এমন সহযোগিতা পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন শিশুটির মা আক্তার বানু। কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেন, “টাকার অভাবে আমার মেয়ের চিকিৎসা প্রায় বন্ধ হতে বসেছিল। কী করব কিছুই ভেবে পাচ্ছিলাম না, প্রতিটা মুহূর্ত দুশ্চিন্তায় কাটছিল। মাসুদ রানা প্রধান ভাই আমাদের পাশে দাঁড়িয়ে নতুন করে বাঁচার সাহস ও ভরসা জুগিয়েছেন। আল্লাহ উনার মঙ্গল করুন। সবাই আমার ছোট্ট মেয়েটির সুস্থতার জন্য দোয়া করবেন।”

​চেক প্রদান অনুষ্ঠানে জেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Ads