বিশ্ব ভালোবাসা দিবস, মাতৃভাষা দিবস ও নির্বাচনী আনন্দে জমজমাট ফুলের বাজার

মোঃ জহুরুল ইসলাম খোকন, সৈয়দপুর প্রতিনিধি (নিলফামারী)ঃ
প্রকাশিত: শনিবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৬, ৫:২৪ অপরাহ্ণ
বিশ্ব ভালোবাসা দিবস, মাতৃভাষা দিবস ও নির্বাচনী আনন্দে জমজমাট ফুলের বাজার

পহেলা ফাল্গুনে বিশ্ব ভালোবাসা দিবস ও নির্বাচনের আনন্দে রঙিন হয়ে উঠেছে সৈয়দপুর শহর। ১৪ ফেব্রুয়ারি শনিবার বসন্তের প্রথম দিন এবং এই দিনে বিশ্ব ভালোবাসা দিবস হওয়ায় আনন্দের মাত্রা বেড়েছে দ্বিগুণ। ত্রয়োদশ জাতীয় সংসদ সদস্য নির্বাচনে বিজয়ী প্রার্থীদের শুভেচ্ছা জানাতেও ব্যাপক হারে ফুল কিনছেন সমর্থকরা। ফলে ফুলের বাজারে বেড়েছে কেনাবেচা।

১৩ ফেব্রুয়ারী শুক্রবার রাত থেকেই শহরের শহীদ ডা. জিকরুল হক সড়ক ও সৈয়দপুর প্লাজা মার্কেটে সারিবদ্ধভাবে বসেছে ফুলের দোকান। রঙিন ছাউনি ও ব্যানারে সজ্জিত স্টলে শোভা পাচ্ছে লাল গোলাপ, গাঁদা, রজনীগন্ধা, জারবেরা ও গ্ল্যাডিওলাসসহ নানা প্রজাতির ফুল। তৈরি করা হচ্ছে হৃদয় আকৃতির তোড়া, বসন্ত বরণের মালা ও শুভেচ্ছা কার্ড সংযুক্ত উপহারসামগ্রী।

ফুল ব্যবসায়ীরা জানান, প্রতিবছর বিশ্ব ভালোবাসা দিবস ও ২১ ফের্রুয়ারীতে সবচেয়ে বেশি বিক্রি হয় ফুল । তবে এবারই প্রথম বিশ্ব ভালোবাসা দিবস, মাতৃভাষা দিবস ও সংসদ সদস্য নির্বাচনে বিজয়ীদের ফুলেল শুভেচছা জানাতে বেড়েছে ফুলের বিক্রি।

শহরের ফুল বিক্রেতা মো. একরামুল হক জানান, ২০২৫ সালের তুলনায় এবার পাইকারি বাজারে ফুলের দাম বেশি। পরিবহন সরবরাহ খরচও বেড়েছে অনেক। তাই খুচরা বাজারে এর প্রভার পড়েছে। তাই দাম কিছুটা বেশি।

তিনি জানান, একটি গোলাপ ৩০ থেকে ৪০ টাকা, রজনীগন্ধার স্টিক ৩০ টাকা থেকে ৫০ টাকা এবং ফুলের ছোট তোড়া ৩০০ টাকা এবং বড় তোড়া ৬০০ থেকে ১০০০ টাকায় বিক্রি করা হচ্ছে।

ফুল বিক্রেতা নওশাদ জানান, এবার ভালোবাসা দিবস ও মাতৃভাষা দিবস একই মাসে পড়েছে। তার ওপর নির্বাচনে বিজয়ী প্রার্থীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানাতে অনেকেই বড় তোড়া নিচ্ছেন। এরফলে গতবছরের তুলনায় বিক্রি অনেক বেশি।
সৈয়দপুর উপজেলা জামাতের কর্মী শাহজাহান আলী জানান, তার দলের জামাতের আমির মুনতাকিম নীলফামারী-৪ আসনে এমপি নির্বাচিত হয়েছেন। বিজয়ের আনন্দ ভাগাভাগি করতে সকাল থেকে কয়েকটি বড় তোড়া কিনেছি।

ফুলের তোড়া কিনতে আসা গৃহিণী শারমিন বলেন, শুধু যুবক যুবতিরাই নয়, স্বামীকে উপহার দিবো বলে ফুলের তোড়া কিনতে এসেছি। বাচ্চাদের জন্য মালা ও ছোট তোড়া নিয়েছি। তিনি বলেন, বিগত ১৭ টা বছর নির্যাতিত হয়ে বর্তমানে বিএনপি সরকার গঠন করছেন। এই খুশিতেই এবারে বেশি করে ফুল ও ফুলের তোড়া কিনছি।

বিশ্ব ভালো বাসা দিবস, মাতৃভাষা দিবস ও নির্বাচনের উৎসবকে কেন্দ্র করে শহরে আইনশৃঙ্খলা বাহিনীর টহল জোরদার করা হয়েছে।

সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ রেজাউল করিম রেজা জানান, শহরে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। শহরের কোথাও যেন অপ্রিতিকর ঘটনা না ঘটে এজন্য আইনশৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছেন বলে জানান তিনি।

Ads