দিনাজপুর দক্ষিণাঞ্চলের টিভি সাংবাদিকদের ইফতার মাহফিল ও কমিটি গঠন

মাসুদুল হক রুবেল, হাকিমপুর প্রতিনিধি (দিনাজপুর) ঃ
প্রকাশিত: রবিবার, ১ মার্চ, ২০২৬, ১১:১৯ অপরাহ্ণ
দিনাজপুর দক্ষিণাঞ্চলের টিভি সাংবাদিকদের ইফতার মাহফিল ও কমিটি গঠন

পবিত্র রমজান মাস উপলক্ষে দিনাজপুরের দক্ষিণাঞ্চলে কর্মরত টেলিভিশন সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিল, আলোচনা সভা ও কমিটি গঠন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। দক্ষিণাঞ্চলের অন্তর্ভুক্ত হাকিমপুর, বিরামপুর, নবাবগঞ্জ, ঘোড়াঘাট ও ফুলবাড়ি উপজেলার সাংবাদিকরা এতে অংশগ্রহণ করেন।

রবিবার (১ মার্চ ২০২৬) বিরামপুর উপজেলার ঢাকামোড় সুপার মার্কেটস্থ চ্যাংপাই চাইনিচ রেষ্টুরেন্ট ও পার্টি সেন্টার-এ এই আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিভিন্ন টেলিভিশন চ্যানেলে কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

ইফতারের পূর্বে আয়োজিত সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা বলেন, গণমাধ্যম সমাজের দর্পণ। বস্তুনিষ্ঠ, নিরপেক্ষ ও দায়িত্বশীল সংবাদ পরিবেশনের মাধ্যমে সাংবাদিকরা সমাজ ও রাষ্ট্র গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন। ভবিষ্যতেও সত্য ও ন্যায়ের পক্ষে থেকে পেশাগত দায়িত্ব পালনের আহ্বান জানান তারা।

অনুষ্ঠানে পারস্পরিক মতবিনিময়ের মাধ্যমে সাংবাদিকদের মধ্যে সৌহার্দ্য, ঐক্য ও পেশাগত সম্পর্ক আরও সুদৃঢ় হয়। পরে দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

এ সময় সম্মিলিতভাবে “দিনাজপুর দক্ষিণাঞ্চল সাংবাদিক ফোরাম”-এর ১৩ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়। এতে মোরশেদ মানিককে আহ্বায়ক এবং গোলাম মোস্তাফিজার রহমান মিলনকে সদস্য সচিব মনোনীত করা হয়।

অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারীরা একসঙ্গে ইফতার করেন। আয়োজক সূত্রে জানা যায়, দক্ষিণাঞ্চলের টিভি সাংবাদিকদের মধ্যে সৌহার্দ্য বৃদ্ধি ও পেশাগত সম্পর্ক সুদৃঢ় করার লক্ষ্যে এ আয়োজন করা হয়েছে।

Ads