আর টিভিতে ধারাবাহিক নাটক ”অতি চালাক ফ্যামিলি”

বিনোদন ডেস্ক ঃ
প্রকাশিত: মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬, ১:২১ অপরাহ্ণ
আর টিভিতে ধারাবাহিক নাটক ”অতি চালাক ফ্যামিলি”

তাইফুর জাহান আশিকের পরিচালনা এবং আল আমিন স্বপনের রচনায় ধারাবাহিক নাটক ‘অতি চালাক ফ্যামিলি’। অভিনয়ে যারা আছেন: তন্ময় সোহেল, স্পর্শিয়া মীম, আশরাফ সুপ্ত, রেজমিন সেতু, সাদ্দাম মাল, আব্দুল্লাহ রানা, মাসুম বাশার, আশরাফুল আলম সোহাগ, আলিফ চৌধুরী, সাইকা আহমেদ প্রমুখ।

গল্প সংক্ষেপ ঃ গ্রামের মানুষ সাধারনত সহজ সরল হয়। প্যাচঘোচ কম বোঝে, দিন আনে দিন খায়। অল্পতে সুখে থাকে। এরকম মানুষের সংখ্যাই বাংলাদেশের গ্রামে বেশি। তবে, সব মানুষ সব পরিবার সহজ সরল হয়না। কিছু পরিবার থাকে যারা গ্রামের সহজ সরল মানুষের মাথায় কাঠাল ভেঙে খায়। সুজনকাঠী গ্রামের তালুকদার পরিবার এরকমই একটি পরিবার।

তালুকদার পরিবারের সবাই মানুষের সাথে চালাকি করে। চালাকি করে কারো জমি লিখে নেয়। কারো পরিবারে ঝগড়া বাধিয়ে দেয়। কাউকে মামলায় ফাসিয়ে দেয়। কারো বাড়িতে আগুন লাগিয়ে দেয়, কারো ক্ষেতের ফসল নষ্ট করে দেয়। কারো পুকুরের মাছ মেরে ফেলে। মোটকথা মানুষকে তারা নানান বিপদে ফেলে মানুষ ঠকায়।

তালূকদার বাড়ির প্রধান মতি তালুকদার। তান তিন ছেলে এবং তিন মেয়ে। দুই মেয়ের বিয়ে হয়েছে। তাদেরকে তিনি এই সুজনকাঠী গ্রামেই বিয়ে দিয়েছেন। এক মেয়ে অবিবাহিত। সে বাড়িতেই থাকে। তিন ছেলের মধ্যে দুই ছেলে বিবাহিত। বউ নিয়ে বাড়িতে থাকে। ছোট ছেলে অবিবাহিত। সে মতি তালুকদারের সাথে সব সময় থাকে।

ছেলে আর মেয়ে জামাইরা গ্রামের মানুষদের সব সময় দৌড়ের উপরে রাখে। সহজ সরল মানুষকে তারা নানান কায়দা করে ঠকায়।

তালুকদার পরিবারের পারিবারিক কিছু ব্যবসা আছে। একটা দোকান আছে। যেখানে চাল ডাল চা বিস্কিট বিক্রি হয়। এই দোকানে তালুকদার পরিবারের বড় ছেলে বসে। সে দোকানে বসে মানুষকে ঠকায়। ওজনে কম দেয়া, টাকা কম দেয়া, ভালো টাকাকে জাল টাকা বলাসহ আরও অনেকভাবে মানুষকে ঠকায়।

তালুদকার বাড়িতে দুইটা গরু আছে। গরুর দুধ বিক্রি করা হয় বাজারে। দুধ না বলে তাকে পানিই বলা চলে। পাচ কেজি দুধে পাচ কেজি পানি মিলিয়ে দেয় তালুকদারের মেজো ছেলে।

তালুকদারের মেয়েরা ব্যবসা করেনা। তবে তারা প্রেম করে। যে ছেলেই তাদের প্রস্তাব দেয় তাকেই তারা ইয়েস কার্ড দেখিয়ে দেয়। তবে শর্ত জুড়ে দেয় প্রেম করতে হলে প্রেমের কাবিন হিসেবে ১ লাখ টাকা দিতে হবে। যার টাকা আছে সে প্রেম করবে যার নেই সে প্রেম করবে না। তালুকদারের সুন্দরী মেয়েদের পাল্লায় পরে অনেক ছেলেই নি:শ^ হয়ে যায়।

বাইরের মানুষের সাথে তো চালাকি করেই, নিজের আপন ভাই বোনদের সাথেও মতি তালুকদার চালাকি করে। চালাকি করে সে তার নিজের ভাই বোনদের সব সম্পত্তি লিখে নিয়েছে। তার ভাইবোনরা যখন সম্পত্তি চাইতে আসে তখন তালুকদার সবার সাথে খারাপ ব্যবহার করে। ছেলে এবং মেয়ে জামাইদের খবর দিয়ে এদের মারধোর করে।

তালুকদার বাড়ির লোকজন যে শুধু পরিবারের বাইরের মানুষের সাথে অতি চালাকি করে তা কিন্তু নয়। এরা নিজেরাও নিজেদের সাথে অতি চালাকি করে। ছেলে বউরা কেউ কোনো কাজ করতে চায়না। এর কাজ ওর উপরে, ওর কাজ এর উপরে চাপিয়ে দেয়। আর ছেলেরা সব সময় বাবার প্রিয়ভাজন হয়ে থাকার চেষ্টা করে। কারন বাবার অগাধ সম্পত্তি। প্রত্যেকেই এই সম্পত্তি দখল নিতে চায়।

নিজেরা নিজেরা ঝামেলা বাধলে কেউ কাউকে চেনে না। তবে বাইরের লোকের সাথে কোনো ঝামেলা বাধলে তালুকদার পরিবার এক হয়ে যায়। তখন সবাই মিলে তাদের পিতা যা বলে তাই করে।

মতি তালুকদার এবং তার ছেলেমেয়েরা গ্রামের মধ্যে মানুষ ঠকিয়ে ঠকিয়ে এক সময় গ্রামের মানুষদের অতিষ্ট করে ফেলে। সবাই মিলে এক সময় তালুকদার পরিবারের বিপক্ষে দাড়িয়ে যায়। প্রতিবাদ গড়ে তোলে। কিন্তু তালুকদার পরিবার অতি চালাকি করে মানুষের মধ্যে ঝামেলা লাগিয়ে দিয়ে তাদের একতা নষ্ট করে দেয়।

অতি চালাক ফ্যামিলির অতি চালাকি নানান হাস্যরসাত্মকভাবে উপস্থাপনের মাধ্যমেই আমাদের নাটকটি এগিয়ে চলে। ধারাবাহিক নাটক ‘অতি চালাক ফ্যামিলি’ প্রচারিত হবে প্রতি সোম, মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার রাত ৯ টা ২০ মি:।

 

 

Ads