সৈয়দপুরে সংকট দেখিয়ে অধিকাংশ তেল পাম্প বন্ধ

মোঃ জহুরুল ইসলাম খোকন, সৈয়দপুর প্রতিনিধি(নীলফামারী)ঃ
প্রকাশিত: রবিবার, ২৯ মার্চ, ২০২৬, ১:৪৫ অপরাহ্ণ
সৈয়দপুরে সংকট দেখিয়ে অধিকাংশ তেল পাম্প বন্ধ

ইরান ও ইসরায়েলের যুদ্ধের প্রভাবে তেল সংকটে পড়েছে দেশ। দেশের পেট্রোল পাম্পগুলোতে তেলের সরবরাহ ঠিক না থাকায় সারা দেশের ন্যায় সৈয়দপুরেও তেল পাম্প বন্ধ রয়েছে। ৭ টি পাম্পের মধ্যে যেকোনো একটি পাম্প খোলা রেখে সীমিত পরিসরে তেল দিলেও সৃষ্টি হচ্ছে দীর্ঘ লাইন। ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থেকেও তেল মিলবে কি না, সে বিষয়ে নিশ্চিত না কোনো গ্রাহকই।

রবিবার (২৯ মার্চ) সৈয়দপুর উপজেলার বিভিন্ন তেল পাম্প ঘুরে এমন চিত্র দেখা গেছে।

শহরের খালেক পাম্প, ইকু পাম্প, আইয়ুব পাম্প ও রাজা পেট্রোল পাম্পে তেল না থাকায় তেল দেয়া কার্যক্রম বন্ধ থাকতে দেখা গেছে।

খালেক পাম্পের মালিক ইউসুফ বলেন, ভোর ৬টায় ডিপোতে গিয়ে সিরিয়াল দেয়া হচ্ছে। কিন্তু তেল মিলছে না, তেল পাওয়া গেলে বিকেল ৪ টার পরে তেল দেওয়া শুরু করবো।

তিনি বলেন, আমাদের প্রতিদিন ৩০-৩২ হাজার লিটার তেলের চাহিদা থাকে। কিন্তু ডিপো থেকে মিলছে মাত্র ৯ হাজার লিটার তেল। তাও আবার একদিন পর একদিন। মানে ৯ হাজার লিটার তেল দিয়ে আমাকে দুদিন চালাতে হচ্ছে। ২ দিনে যেখানে প্রয়োজন ৬০ হাজার লিটার, সেখানে ৯ হাজার লিটার তেল দিয়ে কি হবে বলুন।

খালেক পাম্পের ২০০ গজ দক্ষিণ পুর্বে অবস্থিত সুমনা পেট্রোল পাম্পে যানবাহনে তেল দেওয়ার কার্যক্রম চালাতে দেখা গেছে। তবে এই পাম্পটির সামনে তেল নিতে আসা যানবাহনের দীর্ঘ সারি দেখা যায়।

ওই পাম্পের কর্মী মোখলেস বলেন, আমাদের পাম্পে তেল আছে। আমরা প্রতি মোটরসাইকেলে ২০০ টাকার তেল দিচ্ছি। আর প্রাইভেটকার ও মাইক্রোবাসে ১০ লিটারের বেশী তেল দিচ্ছি না। কারন সবাই যাতে তেল পায় এজন্যই এই ব্যবস্হা করা হয়েছে।

ওই পাম্পে অপেক্ষারত মোটরসাইকেল চালক মাসুদ বলেন, সকাল ১০ টা থেকে প্রায় দুই ঘণ্টা লাইনে দাঁড়িয়ে আছি। কিন্তু এখনো তেল পাইনি। বাইকে ও তেল নেই। আজও যদি তেল না পাই, তাহলে বাইক ঠেলে বাসায় নিয়ে যেতে হবে।

তেলের জন্য অপেক্ষাকৃত মোটরসাইকেল চালকরা বলেন, সরকার বলছেন, দেশে জ্বালানি তেলের সংকট নেই।এজন্য তেলের দামও বাড়ানো হয়নি। সরকার জনগণের ভোগান্তি না চাইলেও পাম্পের মালিকরা তাদের পাম্পে তেল মজুত রাখার পরও মোটরসাইকেল চালক সহ সব ধরনের যানবাহন চালকদের ভোগান্তিতে ফেলেছেন। সরকারের উচিত এসব পাম্পে অভিযান চালানো।

সৈয়দপুর – রংপুর সড়কের আইয়ুব পেট্রোল পাম্পে গিয়ে দেখা গেছে, পাম্পে তেল না থাকায় তেল দেওয়া কার্যক্রম বন্ধ। তবে ডিপো থেকে তেল নিয়ে আসা গাড়ি থেকে তেল নামানো হচ্ছে। পাম্পের সামনেই যানবাহনের দীর্ঘ সারি ও সাধারণ মানুষকে অপেক্ষা করতে দেখা গেছে।

ওই পাম্পের মালিক একরাম বলেন, তেল ছিল না, বলেই পাম্প বন্ধ রাখা হয়েছিল। এভাবে চলতে থাকলে তেল পাম্প অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখতে হবে। তিনি বলেন যেখানে প্রতিদিন তেল প্রয়োজন ৩০-৩২ হাজার লিটার, সেখানে ৯ হাজার লিটার ও তেল মিলছে না। এর উপর গ্রাহকদের চাপ সহ্য হচ্ছে না বলে জানান তিনি।

Ads