তানোরে তিন দিনব্যাপী ভূমিসেবা মেলার শুভ উদ্বোধন

আব্দুস সবুর, তানোর প্রতিনিধি (রাজশাহী) ঃ
প্রকাশিত: মঙ্গলবার, ১৯ মে, ২০২৬, ১১:৪৭ অপরাহ্ণ
তানোরে তিন দিনব্যাপী ভূমিসেবা মেলার শুভ উদ্বোধন

জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা—সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের ন্যায় রাজশাহীর তানোরে শুরু হয়েছে তিন দিনব্যাপী ‘ভূমিসেবা মেলা-২০২৬’। সাধারণ মানুষকে হয়রানিমুক্ত ও দ্রুততম সময়ে ভূমি সেবা প্রদানের লক্ষ্যে এই মেলার আয়োজন করা হয়েছে।

​মঙ্গলবার সকালে মেলা উপলক্ষে উপজেলা ভূমি অফিস থেকে এক বর্ণাঢ্য র‍্যালির বের করা হয়। র‍্যালীটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ভূমি অফিস চত্বরে শেষ হয়। র‍্যালি শেষে ভার্চ্যুয়ালী মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান। ভার্চ্যুয়ালী বক্তব্য রাখেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু।

ভার্চ্যুয়ালী উদ্বোধনী অনুষ্ঠান শেষে ভূমি সেবার তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাঈমা খান। তিনি বলেন, “ভূমিসেবাকে সরাসরি জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতেই আমাদের এই মেলার আয়োজন।

মানুষ যাতে কোনো রকম হয়রানি ছাড়া, অত্যন্ত দ্রুত ও স্বচ্ছভাবে ভূমি সংক্রান্ত সেবা পায়, সেটাই আমাদের প্রধান লক্ষ্য।”​সংশ্লিষ্টরা জানিয়েছেন, তিন দিনব্যাপী আয়োজিত এই মেলায় প্রথম দিনেই কৃষক, শিক্ষার্থী ও সাধারণ নাগরিকদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

মেলাটি আগামী তিন দিন পর্যন্ত সর্বসাধারণের সেবা গ্রহণের জন্য উন্মুক্ত থাকবে।

অতিথি হিসেবে ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ ওয়াজেদ আলী উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ বার্নাবাস হাসদাক থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মাসুদ পারভেজ, উপজেলা খাদ্য কর্মকর্তা পারভীন, উপজেলা মৎস কর্মকর্তা সাজু চৌধুরী, বিএমডিএ সহকারী প্রকৌশলী নাইমুল ইসলাম, উপজেলা বিআরডিবি সাবেক চেয়ারম্যান হাবিবুর রহমান হাবু, ভূমি অফিসের কানুনগো রিয়াজ মাহমুদ, সার্ভেয়ার আব্দুল মালেক, তানোর সদর ভূমি অফিসের নায়েব তানভীর আহমেদ, মুন্ডুমালা তহসিল অফিসের নায়েব শাহাদাত হোসেন, ইকবাল হোসেন, জমা সহকারী ইমরুল কায়েস ইমন, এনামুল হকসহ গনমাধ্যম কর্মী,স্থানীয় জনপ্রতিনিধি ও রাজনৈতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এসময় ভূমি অফিস ও ইউনিয়ন তহসিল অফিসের কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন।

Ads