পঞ্চগড়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী পালিত

আশরাফুজ্জামান খোকন, বোদা প্রতিনিধি (পঞ্চগড়)ঃ
প্রকাশিত: রবিবার, ৩১ মে, ২০২৬, ১০:১০ পূর্বাহ্ণ
পঞ্চগড়ে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী পালিত

জেলায় আজ নানা কর্মসূচির মধ্যদিয়ে মহান স্বাধীনতার ঘোষক ও বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তমের ৪৫ তম শাহাদাত বার্ষিকী পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে গতকাল শনিবার (৩০ মে) সকাল ৭ টায় বিএনপি’র পঞ্চগড় জেলা শাখার উদ্যোগে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। পরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়।

পঞ্চগড় জেলা বিএনপির আহবায়ক জহিরুল ইসলাম কাচ্চুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ও পঞ্চগড়-২ (বোদা-দেবীগঞ্জ) আসনের সংসদ সদস্য ফরহাদ হোসেন আজাদ এমপি।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পঞ্চগড় জেলা পরিষদ প্রশাসক মো. তৌহিদুর ইসলাম, পঞ্চগড় জেলা বিএনপির যুগ্ন আহবায়ক ও জর্জ কোর্টের পিপি মির্জা নাজমুল ইসলাম কাজল প্রমুখ।

এসব কর্মসূচিতে জেলা ও উপজেলার বিএনপি এবং সব অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এ অনুষ্ঠানে প্রধান অতিথি ফরহাদ হোসেন আজাদ তাঁর বক্তব্যে বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে স্বপ্নগুলো দেখেছিলেন এবং বেগম খালেদা জিয়া যে পরিকল্পনাগুলো হাতে নিয়েছিলেন সেগুলো বাস্তবায়নে নতুন পরিকল্পনা নিয়ে কাজ করে যাচ্ছে বর্তমান সরকার।

প্রতিমন্ত্রী আরও বলেন, শহীদ জিয়ার প্রদর্শিত পথ ও কর্মসূচীর মাধ্যমে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র সুসংহতকরণের দায়িত্ব আমাদেরকে সুচারুরূপে পালন করতে হবে।

এর আগে সকাল ১০ টায় কালো ব্যাজ ধারন, বাদ জোহর জেলা বিএনপির কার্যালয়ে দোয়া ও মোনাজাত শেষে দুস্থ ও অসহায় ব্যক্তিদের মধ্যে খাবার বিতরণ করা হয়েছে।

বিকেলে জেলা বিএনপি কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

Ads