খুলনায় বিদ্যুৎ ও জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ

গাজী যুবায়ের আলম, ব্যুরো প্রধান খুলনা ঃ
প্রকাশিত: শুক্রবার, ৫ জুন, ২০২৬, ১১:৩৪ পূর্বাহ্ণ
খুলনায় বিদ্যুৎ ও জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জামায়াতের বিক্ষোভ

খুলনায় বিদ্যুৎ ও জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে জামায়াতে ইসলামী মহানগরীর উদ্যোগে বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার ০৪ জুন বিকেলে নগরীর ডাকবাংলো সোনালী ব্যাংক চত্বরে আয়োজিত সমাবেশে দলটির নেতারা সরকারের নীতিকে তীব্র সমালোচনা করেন।

সমাবেশে সভাপতির বক্তব্যে জামায়াতে ইসলামীর মহানগরী আমির মোহাম্মদ মাহফুজুর রহমান বলেন, বিদ্যুৎ খাতে দীর্ঘদিন ধরে চলমান অনিয়ম, অপচয় ও দুর্নীতির কারণে সাধারণ মানুষকে বারবার মূল্যবৃদ্ধির বোঝা বহন করতে হচ্ছে।

তিনি অভিযোগ করেন, কুইক রেন্টাল বিদ্যুৎকেন্দ্রগুলোর ক্যাপাসিটি চার্জের নামে বিপুল অঙ্কের অর্থ অপচয় হয়েছে, যার দায় শেষ পর্যন্ত জনগণের ওপর চাপানো হচ্ছে। জনগণের প্রতি রাষ্ট্রের জবাবদিহিতা থাকলে এমন সিদ্ধান্ত গ্রহণ সম্ভব হতো না বলেও তিনি মন্তব্য করেন।

তিনি আরও বলেন, বিদ্যুৎ খাতের সকল ধরনের অনিয়ম ও দুর্নীতি বন্ধ করে জনস্বার্থকে অগ্রাধিকার দেওয়া এখন সময়ের দাবি। একইসঙ্গে তিনি সম্প্রতি ঘোষিত বিদ্যুৎ মূল্যবৃদ্ধির সিদ্ধান্তকে গণবিরোধী ও অযৌক্তিক আখ্যা দিয়ে তা অবিলম্বে প্রত্যাহারের আহ্বান জানান।

সমাবেশটি পরিচালনা করেন মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট শাহ আলম। এতে আরও বক্তব্য দেন জেলা সেক্রেটারি মুন্সি মিজানুর রহমান, মহানগর সহকারী সেক্রেটারি প্রিন্সিপাল শেখ জাহাঙ্গীর আলম, আজিজুল ইসলাম ফারাজী, মীম মিরাজ হোসাইন, মো. আব্দুল গফুর, মাওলানা শাহারুল ইসলাম, অধ্যাপক ইকবাল হোসেন, অ্যাডভোকেট শফিকুল ইসলাম লিটনসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা বিদ্যুৎ ও জ্বালানি তেলের দফায় দফায় মূল্যবৃদ্ধির তীব্র সমালোচনা করে বলেন, জনগণের দুর্ভোগ উপেক্ষা করে নেওয়া এমন সিদ্ধান্ত প্রত্যাহার করা জরুরি।

সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল নগরীর প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে শিববাড়ি মোড়ে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

Ads