ঝিনাইদহে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য র‌্যালি

কামরুজ্জামান, ঝিনাইদহ প্রতিনিধি ঃ
প্রকাশিত: মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬, ১১:৩০ অপরাহ্ণ
ঝিনাইদহে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য র‌্যালি

ফুটবলের প্রতি ভালোবাসা ও প্রিয় দল আর্জেন্টিনার প্রতি সমর্থন জানাতে ঝিনাইদহে এক বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে শিশু একাডেমীর সাবেক উপপরিচালক আয়ুব হোসেন রানার নেতৃত্বে আর্জেন্টিনা সমর্থক গোষ্ঠীর উদ্যোগে এ র‌্যালির আয়োজন করা হয়।

র‌্যালিটি শহরের আহারের সামনে থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ সময় অংশগ্রহণকারীরা আর্জেন্টিনার জাতীয় পতাকা, ব্যানার ও ফেস্টুন বহন করেন। সমর্থকদের পরনে ছিল আকাশি-সাদা রঙের জার্সি।

বিভিন্ন বয়সী ফুটবলপ্রেমী ও আর্জেন্টিনা সমর্থকরা র‌্যালিতে অংশ নিয়ে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি করেন। র‌্যালি চলাকালে অংশগ্রহণকারীরা আর্জেন্টিনার পক্ষে বিভিন্ন স্লোগান দেন এবং দলটির প্রতি নিজেদের ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটান। শহরের বিভিন্ন সড়কে সাধারণ মানুষের মধ্যেও এ আয়োজনকে ঘিরে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।

 

 

Ads