খুলনায় মন্ত্রিপরিষদ সচিবের শিপইয়ার্ড সড়ক প্রকল্প সরেজমিন পরিদর্শন করেন

reporter
গাজী যুবায়ের আলম, ব্যুরো প্রধান খুলনা ঃ
প্রকাশিত: শনিবার, ৪ জুলাই, ২০২৬, ১১:৩০ অপরাহ্ণ
খুলনায় মন্ত্রিপরিষদ সচিবের শিপইয়ার্ড সড়ক প্রকল্প সরেজমিন পরিদর্শন করেন

দীর্ঘদিন ধরে আলোচিত খুলনা লবনচরা শিপইয়ার্ড সড়ক প্রশস্তকরণ ও উন্নয়ন প্রকল্পের বাস্তব অগ্রগতি পর্যালোচনায় সরকারি ছুটির দিনেও খুলনায় এসে প্রকল্প এলাকা পরিদর্শন করেছেন মন্ত্রিপরিষদ সচিব মো. নাসিমুল গনি।

আজ শনিবার ০৪ জুলাই তিনি প্রকল্পের বিভিন্ন গুরুত্বপূর্ণ অংশ ঘুরে দেখেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

পরিদর্শনকালে মন্ত্রিপরিষদ সচিব প্রকল্পের মূল সড়ক, চারটি সুইচগেট, প্রকল্প এলাকার সার্বিক ম্যাপ এবং রূপসা সেতুর প্রবেশমুখে নির্মাণাধীন ব্রিজের কাজ সরেজমিনে পর্যবেক্ষণ করেন। এ সময় তিনি স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে প্রকল্প বাস্তবায়নের অগ্রগতি ও জনভোগান্তির বিষয়েও খোঁজখবর নেন।

উল্লেখ্য, গত ৯ জুন অনুষ্ঠিত একনেক সভায় খুলনা শিপইয়ার্ড সড়ক প্রশস্তকরণ ও উন্নয়ন প্রকল্পের তৃতীয় সংশোধনী প্রস্তাব অনুমোদন না দিয়ে তা পুনর্বিবেচনার জন্য ফেরত দেন প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন তারেক রহমান।

প্রায় ১৩ বছর ধরে চলমান এই প্রকল্পের অস্বাভাবিক বিলম্ব এবং ব্যয় বৃদ্ধি নিয়ে তিনি তীব্র অসন্তোষ প্রকাশ করেন। পাশাপাশি বিষয়টি তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের নির্দেশও দেন।

মন্ত্রিপরিষদ সচিবের এ পরিদর্শনে উপস্থিত ছিলেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মো. নজরুল ইসলাম, বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ (আইএমইডি)-এর সচিব সিরাজুন নূর চৌধুরী।

খুলনা বিভাগীয় কমিশনার মোঃ আব্দুল্লাহ হারুন, কেডিএ চেয়ারম্যান এস এম শফিকুল ইসলাম, জেলা প্রশাসক হুরে জান্নাত, প্রকল্প পরিচালক মো. আরমান হোসেনসহ বিভাগীয় প্রশাসন, জেলা প্রশাসন ও কেডিএর ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এর আগে খুলনায় পৌঁছালে মন্ত্রিপরিষদ সচিবকে ফুলেল শুভেচ্ছা জানান খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু এবং খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান এস এম শফিকুল আলম মনা।

Ads