নন্দীগ্রামে জগন্নাথদেবের রথযাত্রা উৎসব শুরু

মনিরুজ্জামান মানির, নন্দীগ্রাম প্রতিনিধি(বগুড়া)ঃ
প্রকাশিত: বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬, ১১:৫৫ অপরাহ্ণ
নন্দীগ্রামে জগন্নাথদেবের রথযাত্রা উৎসব শুরু

বগুড়ার নন্দীগ্রামে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রী শ্রী জগন্নাথদেবের রথযাত্রা উৎসব শুরু হয়েছে। আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথি উপলক্ষে উপজেলার ৬টি মন্দিরে ৯ দিনব্যাপী নানা ধর্মীয় ও সাংস্কৃতিক কর্মসূচির আয়োজন করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল ৮টায় উপজেলার ভাটগ্রাম ইউনিয়নের হাটকড়ই শ্রী শ্রী কালিমাতা মন্দিরে বিশ্বশান্তি ও মঙ্গল কামনায় অগ্নিহোত্র যজ্ঞের মাধ্যমে রথযাত্রা মহোৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

পরে বিকেল সাড়ে ৪টায় জগন্নাথদেবের রথের বর্ণাঢ্য শোভাযাত্রা মন্দির প্রাঙ্গণ থেকে বের হয়ে একই এলাকার ডবরপাড়া মন্দিরের উদ্দেশে যাত্রা করে। আগামী ২৪ জুলাই বিকেল ৩টায় উল্টো রথের শোভাযাত্রার মাধ্যমে এ বছরের উৎসবের সমাপ্তি ঘটবে। বৃহস্পতিবার বিকেলে আলোচনা সভা শেষে রথযাত্রার বর্ণাঢ্য শোভাযাত্রার উদ্বোধন করা হয়। এ সময় আয়োজক কমিটির সভাপতি রবি চন্দ্র প্রামাণিক, সাধারণ সম্পাদক বজেশ্বর চন্দ্র প্রামাণিক ও শিক্ষক বিপুল চন্দ্র রায়সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি উত্তম কুমার জানান, এ বছর নন্দীগ্রাম উপজেলার ভাটগ্রাম ইউনিয়নের হাটকড়ই শ্রী শ্রী কালিমাতা মন্দির, নন্দীগ্রাম সদর ইউনিয়নের হাটুয়া-আলাইপুর মন্দির এবং পেং হাজারকি গ্রামের ৩টি মন্দিরে একযোগে রথযাত্রা উৎসব অনুষ্ঠিত হচ্ছে। তিনি আরও জানান, রথযাত্রা উৎসবকে কেন্দ্র করে উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, যাতে উৎসব শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন হয়।

Ads