মরহুম হাজী রবিউল ইসলাম বাবরের স্মরণে কুষ্টিয়ায় প্রীতি ফুটবল ম্যাচ

মিরাজুল ইসলাম, ভ্রাম্যমান প্রতিনিধি কুষ্টিয়া ঃ
প্রকাশিত: শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬, ১১:৫১ অপরাহ্ণ
মরহুম হাজী রবিউল ইসলাম বাবরের স্মরণে কুষ্টিয়ায় প্রীতি ফুটবল ম্যাচ

মরহুম হাজী রবিউল ইসলাম বাবরের স্মরণে কুষ্টিয়া সদর উপজেলার হাটশহরিপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৭ জুলাই) বিকেলে দি ওল্ড কুষ্টিয়া হাইস্কুল ফুটবল মাঠে অনুষ্ঠিত এ খেলায় উৎসবমুখর পরিবেশে অংশ নেন স্থানীয় ক্রীড়াপ্রেমী ও বিএনপি এবং এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলার উদ্বোধন করেন কুষ্টিয়া জেলা পরিষদের প্রশাসক, কুষ্টিয়া-৩ (সদর) আসনের সাবেক সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ সোহরাব উদ্দিন। তিনি একসময় মোহামেডান স্পোর্টিং ক্লাবের ফুটবলার ছিলেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. আব্দুল হাই সিদ্দিকী, কুষ্টিয়া সদর উপজেলা বিএনপির সভাপতি ইসমাইল হোসেন মুরাদ, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম বিপ্লব, কুষ্টিয়া জেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক জাহাঙ্গীর হোসেন এবং কুষ্টিয়া জেলা ছাত্রদলের আহ্বায়ক মোজাক্কির রহমান রাব্বি।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ সোহরাব উদ্দিন বলেন, “খেলাধুলা যুবসমাজকে মাদক, সন্ত্রাস ও অপরাধ থেকে দূরে রাখে। সুস্থ, সচেতন ও মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই। তরুণদের মাঠমুখী করতে এ ধরনের আয়োজন নিয়মিত হওয়া উচিত।

প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে পিয়ারপুর ফুটবল একাদশ ২-০ গোলে হাটশহরিপুর ফুটবল একাদশকে পরাজিত করে বিজয়ী হয়। খেলা শেষে প্রধান অতিথি শিক্ষা ও ক্রীড়া অনুরাগী পরিষদের হাতে ফুটবল, ক্রিকেটসহ বিভিন্ন ক্রীড়া সামগ্রী তুলে দেন। পাশাপাশি ভবিষ্যতেও এলাকার ক্রীড়াঙ্গনের উন্নয়নে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাটশহরিপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আমিরুল ইসলাম আন্টু। সঞ্চালনা করেন শিক্ষা ও ক্রীড়া অনুরাগী পরিষদের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন আনন্দ। সার্বিক পরিচালনায় ছিলেন সদর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ও হাটশহরিপুর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক ইঞ্জিনিয়ার আশরাফুল ইসলাম শিপন।

অনুষ্ঠানে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং বিপুল সংখ্যক ক্রীড়াপ্রেমী দর্শক উপস্থিত ছিলেন।

Ads