নানা আয়োজনে কুষ্টিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসের দ্বিতীয় বার্ষিকী পালিত

মিরাজুল ইসলাম, ভ্রাম্যমান প্রতিনিধি কুষ্টিয়া ঃ
প্রকাশিত: বুধবার, ৫ আগস্ট, ২০২৬, ১০:০৪ অপরাহ্ণ
নানা আয়োজনে কুষ্টিয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবসের দ্বিতীয় বার্ষিকী পালিত

নানা আয়োজনের মধ্য দিয়ে কুষ্টিয়ায় পালিত হয়েছে জুলাই গণঅভ্যুত্থান দিবসের দ্বিতীয় বার্ষিকী। দিবসটি উপলক্ষে জুলাই শহিদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা, আলোচনা সভা এবং পুরস্কার প্রদান অনুষ্ঠানের আয়োজন করে জেলা প্রশাসন।

বুধবার (৫ আগষ্ট) সকালে কুষ্টিয়া আবরার ফাহাদ স্টেডিয়ামে নির্মিত জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে দিবসের কর্মসূচি শুরু হয়। এসময় জুলাই গণঅভ্যুত্থানে নিহত শহিদদের স্মরণে দোয়া ও মোনাজাত করা হয়।

স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন করেন কুষ্টিয়ার জেলা প্রশাসক মো. তৌহিদ বিন হাসান, পুলিশ সুপার জসিম উদ্দিন, জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ সোহরাব উদ্দিন, জেলা বিএনপির আহ্বায়ক কুতুবউদ্দিন আহমেদ ও সদস্য সচিব জাকির হোসেন সরকার, জামায়াত নেতা মো: সুজা উদ্দিন জোয়ার্দার সহ জুলাই যোদ্ধারা।

পরে সকাল ১১টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত হয় জুলাই শহিদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা, আলোচনা সভা ও পুরস্কার প্রদান অনুষ্ঠান।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মো. তৌহিদ বিন হাসান বলেন, “জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ধারণ করে একটি বৈষম্যহীন ও মানবিক সমাজ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। শহিদদের আত্মত্যাগ জাতি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।”
বক্তারা বলেন, জুলাই গণঅভ্যুত্থান দেশের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। এ আন্দোলনে যারা জীবন দিয়েছেন তাদের অবদান কখনো ভুলে যাওয়ার নয়। তাদের আত্মত্যাগের মর্যাদা রক্ষায় রাষ্ট্র ও সমাজকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

অনুষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থানে শহিদ পরিবারের সদস্য ও জুলাই যোদ্ধাদের সম্মাননা প্রদান করা হয়। পরে বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা ব্যক্তি ও প্রতিষ্ঠানকে পুরস্কার প্রদান করা হয়।

এসময় জেলা প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধি, জুলাই শহিদ পরিবারের সদস্য, জুলাই যোদ্ধা এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

Ads