কৃতিত্বের সঙ্গে মাস্টার্সে উত্তীর্ণ ছাতকের তরুণ সাংবাদিক মোঃ তাজিদুল ইসলাম

আনোয়ার হো‌সেন র‌নি, ছাতক প্রতিনিধি (সুনামগঞ্জ)ঃ
প্রকাশিত: রবিবার, ৯ আগস্ট, ২০২৬, ১০:১৩ পূর্বাহ্ণ
কৃতিত্বের সঙ্গে মাস্টার্সে উত্তীর্ণ ছাতকের তরুণ সাংবাদিক মোঃ তাজিদুল ইসলাম

সুনামগঞ্জের ছাতক উপজেলার তরুণ সাংবাদিক মোঃ তাজিদুল ইসলাম কৃতিত্বের সঙ্গে মাস্টার্স পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। তাঁর এ শিক্ষাগত সাফল্যে সাংবাদিক সমাজ, সহকর্মী, শিক্ষক, আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব, শুভাকাঙ্ক্ষী ও এলাকাবাসীর মধ্যে আনন্দের আমেজ বিরাজ করছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাঁকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছেন।

মোঃ তাজিদুল ইসলাম বর্তমানে আন্তর্জাতিক স্যাটেলাইট টেলিভিশন এনটিভি’র ছাতক উপজেলা প্রতিনিধি, সিলেটের প্রাচীনতম প্রিন্ট পত্রিকা দৈনিক সিলেট বাণী’র স্টাফ রিপোর্টার, দৈনিক হাওর বার্তার স্টাফ রিপোর্টার, জনপ্রিয় দৈনিক সুনামগঞ্জের চিত্র পেইজের সম্পাদক এবং বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) ছাতক উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

শিক্ষাজীবনে মোঃ তাজিদুল ইসলাম ২০১৬ সালে ছাতক উপজেলার কামরাঙ্গীর জনতা উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি এবং ২০১৮ সালে জাউয়াবাজার কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় সফলতার সঙ্গে উত্তীর্ণ হন। এরপর ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষে গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি বিশ্ববিদ্যালয় কলেজের বাংলা বিভাগে ভর্তি হয়ে স্নাতক (সম্মান) ডিগ্রি অর্জন করেন। সর্বশেষ সিলেটের এমসি সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ থেকে ২০২৩ সালের মাস্টার্স পরীক্ষায় দ্বিতীয় শ্রেণিতে কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হয়ে শিক্ষাজীবনের আরেকটি গুরুত্বপূর্ণ মাইলফলক স্পর্শ করেন।

মোঃ তাজিদুল ইসলাম সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার চরমহল্লা ইউনিয়নের কামরাঙ্গী গ্রামের বাসিন্দা। তিনি মোঃ রহমত আলীর ছেলে। ছাত্রজীবন থেকেই তিনি সামাজিক ও স্বেচ্ছাসেবী কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত ছিলেন। গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি বিশ্ববিদ্যালয় কলেজে অধ্যয়নকালে তিনি কলেজ রোভার স্কাউটের একজন সক্রিয় সদস্য হিসেবে বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রমে অংশগ্রহণ করেন।

শিক্ষাজীবনের পাশাপাশি সাংবাদিকতাকেও তিনি পেশা ও জনসেবার গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবে বেছে নেন। স্থানীয় মানুষের সমস্যা, সম্ভাবনা, উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য, সামাজিক সচেতনতা এবং জনস্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে নিয়মিত সংবাদ প্রকাশ করে তিনি ইতোমধ্যে পাঠকমহলে পরিচিতি লাভ করেছেন। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন, দায়িত্বশীলতা, নির্ভীক অবস্থান ও সাবলীল লেখনীর কারণে তাঁর সাংবাদিকতা সহকর্মী ও পাঠকদের প্রশংসা অর্জন করেছে। ছাতক ও আশপাশের এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ সমস্যা ও জনদুর্ভোগের বিষয় সংবাদমাধ্যমে তুলে ধরে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণে তিনি ভূমিকা রেখে চলেছেন। পাশাপাশি এলাকার ইতিবাচক কর্মকাণ্ড, সম্ভাবনা ও উন্নয়নমূলক কার্যক্রমও সংবাদে তুলে ধরছেন তিনি।

তাঁর মাস্টার্স পরীক্ষায় সফলতার খবর ছড়িয়ে পড়ার পর বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ সামাজিক যোগাযোগমাধ্যমে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। সহকর্মী সাংবাদিক, বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ, শিক্ষক, বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজন এবং সর্বস্তরের শুভানুধ্যায়ীরা তাঁর উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেছেন।

শুভাকাঙ্ক্ষীরা বলেন, সাংবাদিকতার মতো গুরুত্বপূর্ণ ও দায়িত্বশীল পেশার পাশাপাশি শিক্ষাজীবনেও তাজিদুল ইসলামের এই সাফল্য প্রশংসনীয়। ভবিষ্যতে তিনি তাঁর মেধা, শিক্ষা ও অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে সাংবাদিকতা ও সমাজসেবায় আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন—এটাই তাঁদের প্রত্যাশা।

মোঃ তাজিদুল ইসলাম তাঁর এ সাফল্যের জন্য পরিবারের সদস্য, শিক্ষক, সহকর্মী, বন্ধু-বান্ধব ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তিনি ভবিষ্যতেও সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে সাংবাদিকতা পেশায় কাজ করে সমাজ ও দেশের কল্যাণে অবদান রাখার প্রত্যয় ব্যক্ত করেছেন।

Ads