নন্দীগ্রামে কারাম উৎসব ও গ্রাম আদালত নিয়ে আলোচনা সভা

মনিরুজ্জামান মানির, নন্দীগ্রাম প্রতিনিধি(বগুড়া)ঃ
প্রকাশিত: রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১০:১০ অপরাহ্ণ
নন্দীগ্রামে কারাম উৎসব ও গ্রাম আদালত নিয়ে আলোচনা সভা

বগুড়ার নন্দীগ্রামে নানা আয়োজনের মধ্য দিয়ে আদিবাসী সম্প্রদায়ের ঐতিহ্যবাহী কারাম উৎসব অনুষ্ঠিত হয়েছে। দুই দিনব্যাপী এ উৎসবে ছিল নৃত্য, সাংস্কৃতিক পরিবেশনা ও নানা আয়োজন। উৎসবের পাশাপাশি ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষের মধ্যে গ্রাম আদালতের সেবা সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আলোচনা সভাও অনুষ্ঠিত হয়।

কারাম পূজা উপলক্ষ্যে রবিবার থেকে উপজেলার বুড়ইল ইউনিয়নের দাসগ্রাম বৃন্দাবনপাড়ায় এ উৎসব শুরু হয়। আদিবাসী জনগোষ্ঠীর উদ্যোগে আয়োজিত কারাম উৎসব ও নৃত্যানুষ্ঠানে নারী-পুরুষসহ বিভিন্ন বয়সী মানুষ অংশ নেন। ঐতিহ্যবাহী নৃত্য ও সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে তারা নিজেদের সংস্কৃতি ও ঐতিহ্য তুলে ধরেন।

উৎসবের একপর্যায়ে উপজেলা প্রশাসনের আয়োজনে এবং বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্পের উদ্যোগে গ্রাম আদালতের সেবা সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বুড়ইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিয়াউর রহমানের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে বক্তব্য রাখেন, বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্পের উপজেলা সমন্বয়কারী ইয়াছিন আলী, ওয়ার্ড বিএনপির সভাপতি জহুরুল ইসলাম, আদিবাসী নেতা দীনেশ মাহাতো, প্রবিন্ন মাহাতো, দুলাল মাহাতো, রঞ্জিত মাহাতো ও উৎপল মাহাতো। এ সময় আদিবাসী সম্প্রদায়ের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

Ads