যশোরে সাম্রাজ্যবাদ ও যুদ্ধবিরোধী জোটের বিক্ষোভ সমাবেশ ও মিছিল

নজরুল ইসলাম, ভ্রাম্যমান প্রতিনিধি (যশোর)ঃ
প্রকাশিত: রবিবার, ১১ অক্টোবর, ২০২৬, ১১:০৭ অপরাহ্ণ
যশোরে সাম্রাজ্যবাদ ও যুদ্ধবিরোধী জোটের বিক্ষোভ সমাবেশ ও মিছিল

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল ইজারা দেওয়ার চুক্তি বাতিল, ঢাকায় বিক্ষোভ সমাবেশে পুলিশের হামলার অভিযোগের বিচার এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পাদিত বাণিজ্য চুক্তি বাতিলের দাবিতে যশোরে মানববন্ধন, বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১১ অক্টোবর) সাম্রাজ্যবাদ ও যুদ্ধবিরোধী জোটের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।সমাবেশে অংশ নেওয়া নেতারা নিউমুরিং টার্মিনাল ইজারা দেওয়ার চুক্তি বাতিলের দাবি জানান। একই সঙ্গে ঢাকায় অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে পুলিশের হামলার অভিযোগের সুষ্ঠু বিচার এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পাদিত বাণিজ্য চুক্তিকে ‘অবৈধ’ আখ্যা দিয়ে তা বাতিলের দাবি জানান তাঁরা।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিপ্লবী কমিউনিস্ট লীগের যশোর জেলা শাখার সাধারণ সম্পাদক তসলিমুর রহমান, সম্পাদকমণ্ডলীর সদস্য বিপুল বিশ্বাস, বাসদ যশোর জেলা শাখার সদস্যসচিব কমরেড হাসিবুর রহমান, সিপিবি যশোর জেলা শাখার সভাপতি মাহবুবুর রহমান মজনু ও সাধারণ সম্পাদক আবু হাসান।

মানববন্ধন ও সমাবেশ সঞ্চালনা করেন বাসদ যশোর জেলা শাখার সদস্য আলাউদ্দিন।কর্মসূচি শেষে অংশগ্রহণকারীরা একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি যশোর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

 

Ads