জয়পুরহাটে আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ

জয়পুরহাট প্রতিনিধিঃ
প্রকাশিত: শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬, ১০:৫২ অপরাহ্ণ
জয়পুরহাটে আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ

জয়পুরহাটে জমকালো আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে ‘আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদ ফুটবল টুর্নামেন্ট’-এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। শুক্রবার বিকেলে তেঘর উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ফাইনালে দুর্দান্ত জয় তুলে নিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে গাইবান্ধা জেলা দল।

​একটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও জমজমাট ফাইনালে স্বাগতিক জয়পুরহাট জেলা দলকে ১-০ গোলের ব্যবধানে হারিয়ে গাইবান্ধা জেলা দল এই জয় নিশ্চিত করে। টুর্নামেন্টে রানার্সআপ হওয়ার গৌরব অর্জন করে স্বাগতিক জয়পুরহাট জেলা দল। টুর্নামেন্টের সমাপনী ও ফাইনাল খেলায় বিজয়ী দলের জন্য আকর্ষণীয় পুরস্কার হিসেবে একটি গরু এবং রানার্সআপ দলের জন্য একটি খাসি প্রদান করা হয়।

​টুর্নামেন্টের সমাপনী ও ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রধান।

​এসময় আরও উপস্থিত ছিলেন আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদ কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি আলমগীর হোসেন, জেলা বিএনপির আহ্বায়ক ও জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব গোলজার হোসেন, যুগ্ম আহ্বায়ক আব্দুল ওহাব, জেলা আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের সভাপতি ইউসুফ আলী মন্ডল ও সাজ্জাদ সিরাজ জয়, জেলা কৃষকদলের সদস্য সচিব মনজুরে মওলা পলাশ, এবং জেলা তাঁতী দলের যুগ্ম আহবায়ক দেলোয়ার হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

​বিপুল সংখ্যক ক্রীড়াপ্রেমী দর্শকের উপস্থিতিতে খেলা শেষে বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

Ads