ঝিনাইদহের লাউদিয়ায় তাবলীগ ইজতেমার দ্বিতীয় দিন, জুমার নামাজে মুসল্লিদের ঢল

কামরুজ্জামান, ঝিনাইদহ প্রতিনিধি ঃ
প্রকাশিত: শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬, ১০:৫০ অপরাহ্ণ
ঝিনাইদহের লাউদিয়ায় তাবলীগ ইজতেমার দ্বিতীয় দিন, জুমার নামাজে মুসল্লিদের ঢল

ঝিনাইদহ জেলা সদরের লাউদিয়ায় ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে চলছে তিন দিনব্যাপী তাবলীগ ইজতেমা। শুক্রবার ইজতেমার দ্বিতীয় দিনে দেশ-বিদেশের হাজারো ধর্মপ্রাণ মুসল্লির উপস্থিতিতে মুখরিত হয়ে ওঠে ইজতেমা ময়দান।

সকালে পবিত্র কোরআন ও হাদিসের আলোকে ঈমান, আমল, আখলাক এবং দ্বীনের দাওয়াতের গুরুত্ব তুলে ধরে বয়ান অনুষ্ঠিত হয়। এতে দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত মুসল্লিদের পাশাপাশি বিদেশি মেহমানরাও অংশগ্রহণ করেন। ইজতেমার দ্বিতীয় দিনে জুমার নামাজে বিপুলসংখ্যক মুসল্লি অংশগ্রহণ করেন। জুমার নামাজে ইমামতি করেন মাওলানা জিয়া বিন কাশেম।

তাঁর ইমামতিতে হাজারো মুসল্লি একসঙ্গে জুমার নামাজ আদায় করেন। নামাজ শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, কল্যাণ এবং সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। আগামীকাল শনিবার ইজতেমার শেষ দিনে আখেরি মোনাজাতের মধ্য দিয়ে তিন দিনব্যাপী ইজতেমা আয়োজনের সমাপ্তি ঘটবে। শেষ দিনে এক চিল্লা, দুই চিল্লা, তিন চিল্লা ও ৩ দিনের জন্য পৃথক পৃথকভাবে জামায়াত বের হবে বলে জানা গেছে।

Ads