‘হাতে তরবারি থাকলেই আইন মানতে হবে না—এ কেমন যুক্তি?’: যুক্তরাষ্ট্রকে বাকায়ি

জিনিউজবিডি২৪ ডেস্ক ঃ
প্রকাশিত: মঙ্গলবার, ১৭ নভেম্বর, ২০২৬, ১০:৫৭ পূর্বাহ্ণ
‘হাতে তরবারি থাকলেই আইন মানতে হবে না—এ কেমন যুক্তি?’: যুক্তরাষ্ট্রকে বাকায়ি

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকায়ি বলেছেন, হাতে অস্ত্র বা সামরিক শক্তি থাকলেই কেউ আন্তর্জাতিক আইনের ঊর্ধ্বে চলে যেতে পারে না। ‘আইনের ওপর তরবারির শ্রেষ্ঠত্ব’ প্রতিষ্ঠার চেষ্টা বিশ্বকে সন্ত্রাসবাদ ও জঙ্গলের আইনের দিকে ঠেলে দিচ্ছে বলে মন্তব্য করেছেন তিনি।

যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের সাম্প্রতিক বক্তব্যের প্রতিক্রিয়ায় সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে বাকায়ি এসব কথা বলেন।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও সম্প্রতি সতর্ক করে বলেছেন, ‘যাদের হাতে তরবারি রয়েছে, তাদের কাছে আইন নিয়ে কথা বলবেন না।’

এই বক্তব্যের সমালোচনা করে বাকায়ি বলেন, এমন যুক্তির প্রতি উদাসীন থাকার কারণে অতীতেও বিশ্বকে ভয়াবহ পরিণতি ভোগ করতে হয়েছে। ইতিহাসে এর একটি উদাহরণ হলো নাৎসি জার্মানির শাসক অ্যাডলফ হিটলারের ক্ষমতা সুসংহত করার প্রক্রিয়া।

বাকায়ি বলেছেন, জার্মানির পার্লামেন্ট ভবন রাইখস্টাগে অগ্নিকাণ্ডের পর হিটলার জাতীয় নিরাপত্তার অজুহাতে জরুরি অবস্থা ঘোষণা করেন। এর মাধ্যমে দেশটির মৌলিক অধিকার স্থগিত করা হয় এবং একনায়কতন্ত্র প্রতিষ্ঠার পথ তৈরি হয়।

তিনি বলেন, হিটলার একবারে আইনকে অস্বীকার করেননি; বরং জরুরি প্রয়োজনের অজুহাতে প্রথমে আইনের ভেতরের সারবত্তা নষ্ট করে দিয়েছিলেন।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, বর্তমান সময়েও একই ধরনের বিপজ্জনক প্রবণতা দেখা যাচ্ছে। নৈতিকতা ও নিরাপত্তার যুক্তি দেখিয়ে ইরানের বিরুদ্ধে যুদ্ধকে বৈধতা দেওয়ার চেষ্টা করা হচ্ছে, অথচ একই শক্তি নিজেদের আইনি জবাবদিহির বাইরে রাখতে চাইছে।

এ পরিস্থিতিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের আত্মতুষ্টিতে ভোগার কোনো সুযোগ নেই বলে মন্তব্য করেন তিনি।

বাকায়ি প্রশ্ন তোলেন, যুক্তরাষ্ট্র যদি মনে করে সামরিক শক্তি বা অস্ত্র হাতে থাকার কারণে তাদের আন্তর্জাতিক আইন মেনে চলার প্রয়োজন নেই, তাহলে আন্তর্জাতিক সম্প্রদায় কীভাবে এই যুক্তি এবং দায়েশ বা আইএসের মতাদর্শের মধ্যে পার্থক্য করবে?

তিনি আরও বলেন, আন্তর্জাতিক ব্যবস্থা ঠিক তখনই ভেঙে পড়ে, যখন ক্ষমতাধর দেশগুলো নিজেদের জন্য এমন অধিকার দাবি করে, যা অন্যদের ক্ষেত্রে স্বীকার করতে রাজি নয়।

নিজের বক্তব্যের সমর্থনে যুক্তরাষ্ট্রের অন্যতম প্রতিষ্ঠাতা নেতা জেমস ম্যাডিসনের একটি উদ্ধৃতিও তুলে ধরেন বাকায়ি। ‘দ্য ফেডারেলিস্ট পেপার্স’-এর ৫১ নম্বর প্রবন্ধে ম্যাডিসন লিখেছিলেন, ‘প্রথমে সরকারকে জনগণের ওপর শাসন করার ক্ষমতা দিতে হবে; এরপর তাকে নিজের ক্ষমতা নিয়ন্ত্রণে বাধ্য করতে হবে।’

এই উদ্ধৃতির প্রসঙ্গ টেনে বাকায়ি বলেন, মার্কিন জনগণের উচিত রুবিও’র বক্তব্যকে গভীর উদ্বেগের সঙ্গে বিবেচনা করা। কারণ যে ক্ষমতা নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে না, তা অচিরেই অন্যদের স্বাধীনতাকে পদদলিত করবে।

ইরানের মুখপাত্রের বক্তব্যে মূলত আন্তর্জাতিক আইনের সমান প্রয়োগ, সামরিক শক্তির অপব্যবহার এবং ক্ষমতাধর রাষ্ট্রগুলোর জবাবদিহির বিষয়গুলো গুরুত্ব পেয়েছে। তাঁর মতে, কোনো রাষ্ট্রের সামরিক শ্রেষ্ঠত্ব তাকে আন্তর্জাতিক আইন অমান্য করার অধিকার দিতে পারে না।#

Ads